আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইরান। একমাস পেরিয়ে গেছে যুদ্ধের। মৃত্যুমিছিল থামছেই না। অথচ যুদ্ধের দামামা দাগ কাটেনি সরল মনে। যুদ্ধে তছনছ দেশ। তবুও নিজের দেশেই নিশ্চিন্তে রয়েছে সরল মনের কিশোরী।
সামনেই কালো ধোঁয়ার কুণ্ডলী। অথচ তা নিয়ে দুশ্চিন্তা নেই। সমুদ্র সৈকতে দোলনায় দোল খেতেই ব্যস্ত সে। ইরানে পড়ন্ত বিকেলে কিশোরীর দোলনায় চড়ার ভিডিও ঘিরে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আবেগপ্রবণ সকলেই। চোখেও জল অনেকের।
সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ইরানের। সমুদ্র সৈকতে এক কিশোরীকে আপনমনে দোলনায় দোল খেতে দেখা গেছে। এদিকে সেই সমুদ্রের খানিক দূরেই কালো ধোঁয়ার কুণ্ডলী। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে সন্ধ্যার আকাশ। অথচ ভ্রুক্ষেপ নেই কিশোরীর।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মারিও নাওফাল। তিনি জানিয়েছেন, ইরানের বন্দর শহর আব্বাসের সমুদ্র সৈকতে মনের আনন্দে কিশোরীকে দোল খেতে দেখেছেন তিনি। আব্বাস শহরের কাছেই হরমুজ প্রণালী। ওই সমুদ্রপথটিও গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় একটি নৌঘাঁটি দাউদাউ করে জ্বলে ওঠে। যা চোখের সামনে দেখেও চিন্তিত নয় সে।
মারিও এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, 'হরমুজ প্রণালীর কাছে বন্দর আব্বাস সমুদ্র সৈকতে দোলনায় দোল খাচ্ছে এক কিশোরী। সামনেই কালো ধোঁয়ার কুণ্ডলী।' তিনি আরও লিখেছেন, 'কৈশোরের সরলতা আর প্রাপ্তবয়সের আগ্রাসনের চেয়ে বেশি পরাবাস্তব সংঘাত এআই তৈরি করতে পারবে না।'
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে একযোগে হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। যুদ্ধের ঝাঁঝ এখনও কমেনি। ইরানের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ২ হাজারের বেশি প্রাণহানি হয়েছে ইরানে। ২৬ হাজার মানুষ আহত হয়েছেন। ৬০০-র বেশি স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা করে গুঁড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পরে ৩ মার্চ থেকে হরমুজ় প্রণালী বন্ধ। এর জেরে আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাসের দাম বাড়ছে। ওয়াকিবহাল মহলের দাবি, তেলের দাম নিয়ন্ত্রণে হরমুজ় প্রণালী খোলা ছাড়া অন্য কোনও উপায় নেই। এমনকী যুদ্ধ আর বেশিদিন চালিয়েও যেতে চান না ট্রাম্প।
















