আজকাল ওয়েবডেস্ক: শান্তিচুক্তি কার্যত ভেঙে যাওয়ার মুখে। চলছে আক্রমণ-প্রতি আক্রমণের পালা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়াতেই গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা করেছে ইরান। তবে তেহরানের সেই দাবিকেই নস্যাৎ করে দিয়েছে মার্কিন বাহিনী। রবিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে। 

 

সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনে চলাচলকারী সমস্ত জাহাজের জন্য এই তেলবাহী রুটটি খোলা রয়েছে। ওই অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিত। তা জানিয়ে সেন্টকম লিখেছে, "হরমুজ প্রণালী দিয়ে আইনসম্মতভাবে যাতায়াতকারী সমস্ত পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ উন্মুক্ত রয়েছে। ইরানের অযাচিত আগ্রাসন, উস্কানি, হুমকি এবং একতরফা ঘোষণা সত্ত্বেও অবাধ নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে মার্কিন বাহিনী সদা প্রস্তুত এবং মোতায়েন রয়েছে।"

মার্কিন কমান্ড সাফ জানিয়ে দিয়েছে যে, এই জলপথটি কোনওভাবেই ইরান নিয়ন্ত্রণ করছে না। পাশাপাশি, সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়েছে। নিজেদের দাবির সপক্ষে মার্কিন বাহিনী গত কয়েকদিনের হরমুজ দিয়ে জাহাজ চলাচলের একটি পরিসংখ্যানও তুলে ধরেছে।

 

তাদের দাবি, মার্কিন সামরিক সুরক্ষায় গত সাত দিনে ১৪০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ এই গুরুত্বপূর্ণ প্রণালী অতিক্রম করেছে। শুধু তাই নয়, গত দু'মাসে ৪০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল বহনকারী ৮০০-র বেশি জাহাজ ওই পথ নিরাপদে পেরিয়ে যাতায়াত করেছে।

 

শনিবার একটি বাণিজ্যিক জাহাজকে কেন্দ্র করে তৈরি হওয়া নতুন উত্তেজনার জেরে ইরান সরকার হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দেয়। এর ঠিক কয়েক ঘণ্টার মাথায় মার্কিন সামরিক বাহিনী ইরানের ইরানের উপর ফের নতুন করে বিমান হামলা চালায়। এই পাল্টাপাল্টি সংঘাতের জেরে গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তিটি এখন পুরোপুরি ভেস্তে যাওয়ার মুখে। এর ফলে পশ্চিম এশিয়ায় আবারও নতুন করে বড়সড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।