আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধবিরতির মধ্যেই দ্বিতীয় দফায় শান্তি বৈঠক। আবারও সমঝোতার জন্য মুখোমুখি বসতে চলেছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। কিন্তু তার আগেই বড় বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে যে অবিশ্বাস রয়েছে, তা নিয়েই এবার মুখ খুললেন তিনি।
মঙ্গলবার রাতে এক সাংবাদিক বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, 'ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের অবশ্যই দীর্ঘদিনের অবিশ্বাস রয়েছে, যা একরাতের মধ্যে মেটানো সম্ভব নয়।'
দ্বিতীয় দফার শান্তি নিয়ে গতকাল ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘খুব সম্ভবত দুই দিনের মধ্যে ফের আলোচনা শুরু হবে।’ সব কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবারই মুখোমুখি বসতে পারেন মার্কিন ও ইরানের প্রতিনিধিরা।
প্রথম দফার মতোই, এ বারেও ইসলামবাদেই আলোচনা হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা করে তিনি বলেন, ‘পাকিস্তানেই বৈঠক হবে। সেনাপ্রধান আসিম মুনির সব ব্যবস্থা করছেন।’
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এই প্রথমবার। দুই দেশের মধ্যে সবচেয়ে উচ্চপর্যায়ের সরাসরি বৈঠক। কিন্তু মুখোমুখি প্রতিনিধিদল বসেনি। ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েও গিয়েছিল। কিন্তু শেষমুহূর্তে ভেস্তে যায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইসলামাবাদের সেরেনা হোটেলে টানা ২১ ঘণ্টা বৈঠক চলে। বৈঠকের জন্য পাশাপাশি তিনটি রুম ছিল। একটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। আরেকটিতে ইরানের প্রতিনিধিদল। মাঝের ঘরটিতে মধ্যস্থতায় পাকিস্তানের দল।
ইরানের প্রতিনিধিদলের তরফে এক কর্তা জানিয়েছেন, টানা ২১ ঘণ্টার বৈঠকে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল। শেষমুহূর্তেই কিছু অমীমাংসিত বিষয়ে মতভেদের কারণে চুক্তি ভেস্তে যায়। গত মঙ্গলবার রাতে ইরানের সঙ্গে দু'সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর চারদিন পর ইসলামাবাদে শান্তি বৈঠক হয়।
পাকিস্তানে শান্তি বৈঠকে ইরানের ৭০ জনের প্রতিনিধিদল উপস্থিত ছিল। উপস্থিত ছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি, সংসদের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে রয়েছেন প্রতিনিধি দলে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার।















