আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধবিরতি ঘোষণা হতে না হতেই ফের হামলা ইজরায়েলের। এবার লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল। আর তার জেরে ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান।
এটা ঘটনা, বুধবার ইরানের সঙ্গে দু’সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখনই ইরান জানিয়েছিল, চলতি সপ্তাহেই খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। কিন্তু ইজরায়েলের এই ক্ষেপনাস্ত্র হামলার পর ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান।
এদিকে, ইরানের সঙ্গে আলোচনার দায়িত্ব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে। আগামী শনিবার ইরান এবং আমেরিকা মুখোমুখি বৈঠকে বসতে চলেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। জানা গিয়েছে, ওই বৈঠকে মার্কিন প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন ভান্স। তাঁর সঙ্গে থাকবেন পশ্চিম এশিয়ার মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা তথা প্রাক্তন উপদেষ্টা জারেড কুশনার।
টানা এক মাসের সংঘর্ষের পর যখন দু’সপ্তাহের সংঘর্ষবিরতির ঘোষণা করেন ট্রাম্প, তারপর ফের ইজরায়েলের এই হামলা নতুন করে অস্বস্তি বাড়িয়েছে। জানা গেছে, ১০ মিনিটে লেবাননে ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইজরায়েল। এই অস্থিরতার মাঝেই শনিবার ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছে ট্রাম্প প্রশাসন। এটা ঘটনা, দু’সপ্তাহের সময়সীমার মধ্যে একটি সমঝোতার পথ বের করার লক্ষ্যে এগোচ্ছে হোয়াইট হাউস। ভান্স কতটা সফল হন সেটা ভবিষ্যতৎ বলবে।
যদিও লেবাননের বিরুদ্ধে ইজরায়েলের হামলাকে এই শান্তি আলোচনার মধ্যে আনতে চাইছে না আমেরিকা। তা স্পষ্ট করে দিয়েছেন ভান্স। তাঁর কথায়, ‘ইরান যদি লেবাননের ঘটনাকে কেন্দ্র করে আলোচনা ভেস্তে দিতে চায়, তবে সেটি তাদের সিদ্ধান্ত। তবে লেবাননের ঘটনা হল এমন একটি বিষয়, যার সঙ্গে আমাদের কোনও যোগ নেই। তাছাড়া লেবাননেও যে যুদ্ধবিরতি হবে এমন কোনও কথাও আমেরিকা কখনও বলেনি।’ যদিও ইরান এই হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে। নইলে তারা কী পদক্ষেপ নেবে তা এখনও জানায়নি তেহরান।















