আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ইসলামাবাদে দুই দেশের 'শান্তি' বৈঠক ব্যর্থ হয়েছে। ঘটনার জেরে বিশ্বজুড়ে পরিস্থিতি আবারও টালমাটাল। ঘটনাকে কেন্দ্র করে ইরানের ওপর সামরিক চাপ তৈরি করল আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে ইরানের সমস্ত জাহাজ চলাচল বন্ধ করতে ‘জলপথ অবরোধ’ শুরু করছে মার্কিন নৌবাহিনী।
টানা ২১ ঘণ্টার উচ্চ পর্যায়ের বৈঠকের পরেও কোনও সমাধান না মেলায় দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি এখন খাদের কিনারে। মার্কিন সামরিক বাহিনী সেন্টকম, স্পষ্ট জানিয়েছে, সোমবার সকাল থেকেই ইরানের সমস্ত বন্দরে এই অবরোধ কার্যকর হবে।
ট্রাম্প প্রশাসনের এক কর্তার কথায়, আলোচনার টেবিলে ইরান যাতে দাদাগিরি করতে না পারে, তার জন্যই এই কড়া পদক্ষেপ। সাত সপ্তাহের এই যুদ্ধে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ, যার জেরে অস্থির বিশ্ব অর্থনীতি।
ট্রাম্পের এই ঘোষণার পরেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত থমকে গিয়েছে। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছু জাহাজ মাঝপথ থেকেই ফিরে গিয়েছে।
পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। সে দেশের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী তাদের দখলেই রয়েছে। কোনও বিদেশি যুদ্ধজাহাজ সেখানে ঢোকার চেষ্টা করলে ‘কড়া জবাব’ দেওয়া হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির দাবি, তেহরান সমঝোতা করতে চাইলেও আমেরিকা ইচ্ছা করে আলোচনার পরিবেশ নষ্ট করেছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়েছেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে আটকাতে এবং হামাস-হিজবুল্লাহর মতো সংগঠনকে মদত দেওয়া বন্ধ করতে ওয়াশিংটন বদ্ধপরিকর। কিন্তু এই সব শর্ত মানতে রাজি হয়নি ইরান।
এদিকে ট্রাম্প দাবি করেছেন যে ব্রিটেনও এই অভিযানে সামিল হবে। উত্তপ্ত এই পরিস্থিতিতে চলতি সপ্তাহের শেষে জলপথে পণ্য চলাচল স্বাভাবিক করা নিয়ে ফের একটি আন্তর্জাতিক বৈঠকের কথা রয়েছে।















