আজকাল ওয়েবডেস্ক: ৬ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার ঠিক এক দিন আগে ইরানের বিরুদ্ধে সপ্তম সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিষ্কার জানিয়ে দিলেন, হরমুজ প্রণালীর অবরোধ না তুললে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও পরিকাঠামোয় এমন হামলা চালানো হবে, যা আগে কখনও দেখেনি বিশ্ব। তাঁর হুঁশিয়ারি, “মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে।”
সামাজিক মাধ্যমে পোস্ট করে রীতিমতো আক্রমণাত্মক ভাষায় ট্রাম্প সোমবারকে ‘ব্রিজ ডে’ বা সেতু ধ্বংসের দিন হিসেবে ঘোষণা করেছেন। ইরান সরকারকে চরম সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, অবরোধ না সরালে তাদের কপালে ‘নরক যন্ত্রণা’ জুটবে। যদিও বার্তার শেষে তিনি লিখেছেন, “আল্লাহর প্রশংসা হোক।”
গত ২১ মার্চই ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানের বড় বড় বিদ্যুৎকেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। মাঝে আলোচনার আশায় দু’বার সময়সীমা বাড়ালেও পরিস্থিতির বদল হয়নি। উল্টে সম্প্রতি আমেরিকার বেশ কিছু যুদ্ধবিমান ও সামরিক বিমান ইরান পৌঁছনোয় উত্তেজনা চরমে পৌঁছেছে। হোয়াইট হাউস স্পষ্ট করে দিয়েছে, এর জেরে তাদের 'ধৈর্যচ্যুতি' ঘটছে।
শনিবার ট্রাম্প ইরানকে শেষ বারের মতো ৪৮ ঘণ্টার চরম সময়সীমা দিয়ে জানিয়েছিলেন, এই সময়ের মধ্যে চুক্তি না হলে মার্কিন সামরিক বাহিনী ইরানের ওপর ‘মৃত্যু’ হয়ে আছড়ে পড়বে। তাঁর সাফ কথা, “সময় ফুরিয়ে আসছে। আর মাত্র ৪৮ ঘণ্টা, তার পরেই সব শেষ হয়ে যাবে।”
সম্প্রতি ইরানকে ‘পাথুরে যুগে’ পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। যেমন কথা তেমন কাজ। তার কিছু পরেই তেহরানের কাছে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র। দুই দেশের যৌথ হামলায় গুঁড়িয়ে গেল মধ্য এশিয়ার সবথেকে উঁচু সেতু। এই ঘটনায় বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন বলে খবর।
রাজধানী তেহরানের সঙ্গে পশ্চিমের শহর কারাজকে জুড়তে তৈরি হচ্ছিল ১৩৬ মিটার উঁচু এক বিশাল সেতু। প্রযুক্তির দুনিয়ায় যাকে দেখা হতো পশ্চিম এশিয়ার অন্যতম বিস্ময় হিসেবে। কিন্তু আচমকা আকাশপথে হামলায় সেই ‘বি-১’ সেতুটি এখন ধ্বংসস্তূপ। ইরানের সংবাদমাধ্যমের দাবি, প্রথমবার হামলার পর যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়, ঠিক তখনই দ্বিতীয়বার হামলা চালায় শত্রু দেশ।
এই ধ্বংসলীলার ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে রীতিমতো হুঙ্কার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, "ইরানের সবথেকে বড় সেতুটি ধুলোয় মিশে গেল। আর কোনওদিন এটি ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, আরও অনেক কিছু বাকি!" সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, সময় ফুরিয়ে যাওয়ার আগেই ইরান যেন আমেরিকার সঙ্গে 'সমঝোতায়' আসে।
এ দিন দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধে আমেরিকার জয় নিশ্চিত। তাঁর কথায়, "বিগত পাঁচ বছর আমার শাসনে আমেরিকা কেবল জিতেই এসেছে। ইরানের জন্য আরও অনেক কিছু বাকি। সেখানকার বিদ্যুৎ কেন্দ্রগুলোও রেহাই পাবে না।"
আপাতত আগামী দুই-তিন সপ্তাহ ইরান জুড়ে এই হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের এহেন কড়া মনোভাবে গোটা পশ্চিম এশিয়ায় যুদ্ধ আবহ আরও দীর্ঘ হল।
















