আজকাল ওয়েবডেস্ক: আবারও চমক। বড় সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর কখনও বন্ধ হবেনা হরমুজ৷ এমনটাই জানিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে একটি নতুন পোস্ট করে তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে খুলে দেওয়ার’ সিদ্ধান্তে চীন ‘খুবই খুশি’। ট্রাম্পের দাবি, এই গুরুত্বপূর্ণ জলপথ আর কখনও বন্ধ হবে না। সারা বিশ্বের পাশাপাশি চীনের স্বার্থেই তিনি এই পদক্ষেপ করেছেন।

একই সঙ্গে ট্রাম্প দাবি করেছেন, বেজিং ইরানকে আর কোনও অস্ত্র দেবে না বলে তাঁকে কথা দিয়েছে। যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর এবং ট্রাম্পের দাবি এখন দুই মেরুতে অবস্থান করছে। এদিকে জানা গিয়েছে, তেহরানকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার তোড়জোড় চালাচ্ছে বেজিং। অন্য এক সংবাদমাধ্যমের দাবি, মার্কিন সামরিক ঘাঁটির হদিস পেতে এবং সেগুলিকে নিশানা করতে চীনের স্যাটেলাইট ব্যবহার করছে ইরান।

নিজের পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিচ্ছি দেখে চীন খুব খুশি হয়েছে। আমি এটা ওদের জন্য এবং গোটা বিশ্বের জন্যই করছি। এই পরিস্থিতি আর কখনও তৈরি হবে না। ওরা ইরানকে অস্ত্র না দিতে রাজি হয়েছে।”

উল্লেখ্য, ইরানকে সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করার খবর বুধবার সরাসরি উড়িয়ে দিল চীন। পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের আবহে এই অভিযোগকে পুরোপুরি ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে বেজিং।

চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান এদিন জানান, ইরানকে সামরিক মদত দেওয়ার যে খবর সংবাদমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা আসলে সাজানো গল্প। এ কথা সম্পূর্ণ 'ভিত্তিহীন'৷