আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ইরানি বন্দরগুলোর ওপর আমেরিকার কড়া অবরোধ। এর মুখে পিছু হটল ‘রিচ স্টারি’ নামের একটি বিদেশি জাহাজ। বুধবার পারস্য উপসাগর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেও শেষমেশ ব্যর্থ হয় জাহাজটি। পরবর্তীতে পুনরায় হরমুজ প্রণালীতে ফিরে যায়। 

গত রবিবার ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার শান্তি বৈঠক রীতিমত ভেস্তে যায়। এর পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধের ঘোষণা করেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় কোনও জাহাজই মার্কিন নজরদারি এড়িয়ে বেরিয়ে যেতে পারেনি। অন্তত ছ’টি জাহাজ আমেরিকার নির্দেশে পথ বদলে ফের ইরানের বন্দরেই ফিরে যেতে বাধ্য হয়েছে।

মঙ্গলবার অবরোধের প্রথম দিনে যে আটটি জাহাজ ওই জলপথ অতিক্রমের চেষ্টা করেছিল, এই চিনা জাহাজটি ছিল তাদেরই অন্যতম। মার্কিন প্রশাসনের দাবি, ওমান উপসাগরের চাবাহার বন্দর থেকে বেরোনোর সময় দু’টি তেলবাহী ট্যাঙ্কারকে আটকে দেয় আমেরিকার একটি যুদ্ধজাহাজ।

ইরানের সঙ্গে কারবার করার দায়ে ‘রিচ স্টারি’ এবং তার মালিক সংস্থা ‘সাংহাই জুয়ানরুন শিপিং’-এর ওপর আগেই নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। জাহাজটিতে প্রায় আড়াই লক্ষ ব্যারেল মিথানল রয়েছে। অন্যদিকে, ২০ লক্ষ ব্যারেল তেল বহনে সক্ষম ‘অ্যালিসিয়া’ নামে আরও একটি বিতর্কিত জাহাজ বুধবারই হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে ঢুকেছে। খালি এই জাহাজটি ইরাক থেকে তেল নিতে যাচ্ছে বলে জানা গিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও আমেরিকা-ইজরায়েল যুদ্ধ শুরু হওয়ার আগে এই পথে রোজ ১৩০টিরও বেশি জাহাজ যাতায়াত করত। এখন সেই সংখ্যাটা নেই বললেই চলে। আমেরিকার এই কড়া পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে তেল কোম্পানি এবং জাহাজ সংস্থাগুলির মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। একইসঙ্গে অনিশ্চয়তাও।