আজকাল ওয়েবডেস্ক: বিশ্ববাজারে তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি ১০৫.৫০ ডলার ছাড়িয়ে গেল। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জোগানে টান পড়েছে। তার ওপর আমেরিকা ও ইরানের শান্তি আলোচনাও থমকে গিয়েছে।  অপরিশোধিত তেলের দাম এই প্রথম এতটা বাড়ল।

এদিকে ভারত ও চীনকে ‘নরক’ বলে আক্রমণ করে বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, এই সব দেশ থেকে আসা অভিবাসীরা নাগরিকত্বের সুযোগ নিয়ে আমেরিকায় ভিড় বাড়াচ্ছে। 

পাল্টা দিতে ছাড়েনি ইরানও। হায়দরাবাদের ইরানি দূতাবাস কড়া ভাষায় জানিয়েছে, ভারত বা চীন নয়, বরং সেই দেশই নরক যার প্রেসিডেন্ট অন্য সভ্যতা ধ্বংস করার হুমকি দেন।

ইরানকে চাপে রাখতে পশ্চিম এশিয়ার সমুদ্রে এবার তিনটি প্রকাণ্ড যুদ্ধজাহাজ মোতায়েন করল আমেরিকা। ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ নামের রণতরীটি বিমানবাহিনী নিয়ে ভারত মহাসাগরে পৌঁছেছে। আগে থেকেই লোহিত সাগরে রয়েছে ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এবং অন্য একটি অঞ্চলে মোতায়েন আছে ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’। ফলস্বরূপ যুদ্ধবিরতি নামে মাত্র৷ দু’পক্ষেই উদ্বেগ ছড়িয়েছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের কোনও পরিকল্পনা নেই বলে সাফ জানিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, সাধারণ অস্ত্র দিয়েই ইরানের নৌসেনা ও বায়ুসেনাকে কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ট্রাম্পের কথায়, “পারমাণবিক অস্ত্রের কী দরকার? ওদের যা শক্তি অবশিষ্ট আছে, তা শেষ করতে আমাদের একদিনই যথেষ্ট।”

অন্যদিকে, শান্তি আলোচনার আবহেই অশান্তি শুরু হয়েছে লেবাননে। ইজরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননে বোমা বর্ষণ করল ইজরায়েলি যুদ্ধবিমান। আবার, পাকিস্তানে আয়োজিত শান্তি বৈঠকেও যোগ দিতে নারাজ ইরান। আপাতত গোটা পরিস্থিতির জট সহজে কাটছে না বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।