আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলকে 'ক্যান্সারযুক্ত' বলে তোপ! একদিকে ইরান ও আমেরিকার মধ্যে বিবাদ মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা, অন্যদিকে ইজরায়েলকে 'অশুভ' বলে চরম আক্রমণ- পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের এক মন্তব্যে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
শুক্রবার এই মন্তব্যের পাল্টা তোপ দেগেছে তেল আভিভও। ইজরায়েলের দাবি, শান্তির 'দালালি' করতে বসা দেশের মন্ত্রীর মুখে এমন ভাষা মানায় না।
শনিবার ইসলামাবাদে ইরান ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে একটি হাই-ভোল্টেজ বৈঠক হওয়ার কথা। তার ঠিক আগেই সমাজমাধ্যম ‘এক্স’-এ বিস্ফোরক পোস্ট করেন আসিফ। তিনি লেখেন, “ইজরায়েল এখন অভিশাপ। একদিকে ইসলামাবাদে যখন শান্তির কথা চলছে, তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে তারা। গাজার পর এবার লেবাননেও সাধারণ মানুষের রক্ত ঝরছে।”
ক্ষোভের মাথায় তিনি আরও বলেন, প্যালেস্তাইনের মাটিতে যারা এই ‘ক্যানসার সদৃশ’ রাষ্ট্র তৈরি করেছিল, তারা যেন নরকে যায়। যদিও বিতর্কের আঁচ বুঝেই পরে পোস্টটি মুছে দেন তিনি।
আসিফের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইজরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে, “পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই বয়ান অত্যন্ত জঘন্য। মধ্যস্থতাকারী হতে চাওয়া কোনও সরকারের কাছ থেকে এমন কথা মেনে নেওয়া যায় না।”
ইজরায়েলি বিদেশমন্ত্রী গিডন স্যারের মতে, ইহুদি রাষ্ট্রকে ‘ক্যানসার’ বলার অর্থ হল দেশটিকে ধ্বংস করার উস্কানি দেওয়া। উল্লেখ্য, ইরান দু’সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর শুক্রবার থেকেই ইসলামাবাদে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
অন্যদিকে এই আলোচনার আবহেই লেবানন ইস্যুতে অনড় নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা এখনই থামছে না। এর মধ্যেই লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকায় ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ মানুষ।
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছেন। একদিকে যুদ্ধের মেঘ সরানোর চেষ্টা চলছে, আরেকদিকে পাকিস্তানের মন্ত্রীর এই মন্তব্য এবং লেবাননের পরিস্থিতি- সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি অনিশ্চয়তায়।















