আজকাল ওয়েবডেস্ক: হরমুজ প্রণালী থেকে অন্তত দু’টি পণ্যবাহী জাহাজ আটক করল ইরানের আইআরজিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করলেও পারস্য উপসাগরীয় এলাকায় উত্তেজনা যে বিন্দুমাত্র কমেনি, এই ঘটনা তারই ইঙ্গিত।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ‘এমএসসি ফ্রান্সেসকা’ এবং ‘এপামিনন্ডাস’ নামের দু’টি জাহাজকে ধরা হয়েছে। তেহরানের অভিযোগ, ওই জাহাজ দু’টি নিয়ম মেনে পারমিট নেয়নি এবং সমুদ্রের নিরাপত্তা বিঘ্নিত করছিল।
এমনকী, তাদের দিক নির্ণয় নিয়েও কারচুপির অভিযোগ তুলেছে ইরান। জানা গিয়েছে, আটকের পর জাহাজগুলিকে ইরানি উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়েছে, “হরমুজ প্রণালীতে নিরাপত্তার অভাব কোনওভাবেই সহ্য করা হবে না।”
ইরানের সংবাদসংস্থাগুলি মারফত খবর, ‘ইউফোরিয়া’ নামে একটি গ্রিক জাহাজও একই ভাবে ইরানি উপকূলে আটকে পড়েছে।
বিশ্বের খনিজ তেল পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই হরমুজ প্রণালী। বিশ্বের একটা বড় অংশের বানিজ্য এই প্রণালীর উপর নির্ভরশীল। এর দখল এখন ইরানের হাতে৷ জাহাজ চলাচলের গতিবিধি নজরদারিকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ জানিয়েছে, জাহাজগুলি বর্তমানে ওমান উপসাগরের কাছে থমকে রয়েছে।
এর আগে ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছিল, হরমুজ প্রণালীতে দু’টি জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তখন জাহাজগুলির নাম জানা যায়নি। তেহরানের সাফ কথা, এই জলপথ দিয়ে যাতায়াত করতে হলে ইরানের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। বিশ্বের মোট তেল ও গ্যাস রপ্তানির একটা বড় অংশ এই পথ দিয়েই হয়।















