আজকাল ওয়েবডেস্ক: ইরানের সঙ্গে লড়াইয়ে আমেরিকার 'তুরুপের তাস' এখন এক বিশেষ ড্রোন। কিন্তু অবাক করা বিষয় হল, নামী দামী সংস্থা বা সিলিকন ভ্যালির প্রযুক্তিবিদরা এটি বানাননি। ‘লুকাস’ নামের এই ড্রোনটি মার্কিন সেনারা নিজেরাই তৈরি করেছে ইরানি ড্রোন নকল করে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুদ্ধের শুরু থেকেই এই ‘এফএলএম ১৩৬’ বা ‘লুকাস’ ড্রোন ইরানের সামরিক ঘাঁটিতে নিখুঁত নিশানায় আঘাত হানছে। অথচ নামী বেসরকারি সংস্থাগুলোর তৈরি করা দামী ড্রোনগুলো এখন খুব একটা ব্যবহারই করছে না আমেরিকা।
আসলে ইরানি ড্রোন কীভাবে কাজ করে, তা খুঁটিয়ে দেখে তারই একটি সহজ সংস্করণ বানিয়ে ফেলেছেন মার্কিন ইঞ্জিনিয়াররা। এর কার্যকারিতা আর সাধারণ গঠনের জন্য একে ড্রোনের দুনিয়ার ‘টয়োটা করোলা’ বলা হচ্ছে।
লুকাসের সবচেয়ে বড় চমক হল এর সস্তা দাম। একেকটি ড্রোন বানাতে খরচ হচ্ছে মাত্র ১০ থেকে ৫৫ হাজার ডলার, যা ইরানের ‘শাহেদ’ ড্রোনের প্রায় সমান। আমেরিকার অন্যান্য দামী অস্ত্রের তুলনায় এর খরচ অত্যন্ত নগণ্য।
একবার উড়লে এই ড্রোন টানা ছয় ঘণ্টা চলতে পারে এবং ৫০০ মাইলের বেশি পথ পাড়ি দিতে সক্ষম। এটি নিজে থেকেই উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ফলে অনেক দূর থেকেও সস্তায় বারবার হামলা চালানো সহজ হয়েছে ওয়াশিংটনের জন্য।
বিশেষজ্ঞদের মতে, এই ড্রোনের একটি দুর্বলতাও আছে। যেখানে অত্যাধুনিক জ্যামার ব্যবহার করে জিপিএস বা সিগন্যাল আটকে দেওয়া হয়, সেখানে এই ড্রোন কতটা কাজ করবে, তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।















