আজকাল ওয়েবডেস্ক: গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও সুন্দর পিচাইয়ের বেতন ও প্রণোদনা অর্থাৎ ভালো কাজ করার জন্য বাড়তি উৎসাহ বা পুরস্কার প্যাকেজের পরিমাণ বেশ বড়সড়ভাবে বাড়ানো হয়েছে। আগামী তিন বছরে তাঁর মোট সম্ভাব্য পারিশ্রমিক প্রায় ৬৯২ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬৩ হাজার কোটি টাকার বেশি।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য সূত্র অনুযায়ী, এই তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। ফিনান্সিয়াল টাইমস একটি আন্তর্জাতিক ইংরেজি ভাষার সংবাদপত্র। এটি মূলত অর্থনীতি, ব্যবসা, বাজার, কোম্পানি ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে খবর প্রকাশ করে। পত্রিকাটি প্রকাশিত হয় লন্ডন থেকে।
সুন্দর পিচাইয়ের এই বিপুল প্যাকেজের বড় অংশই আসবে পারফরম্যান্স স্টক ইউনিট বা পিএসইউ থেকে। এর মূল্য প্রায় ১২৬ মিলিয়ন ডলার। এই স্টক দুই ভাগে দেওয়া হবে। এই পিএসইউ আলফাবেট সংস্থার শেয়ারহোল্ডারদের মোট রিটার্নের সঙ্গে যুক্ত। এটি এসঅ্যান্ডপি ১০০ সূচকের তুলনায় কেমন পারফরম্যান্স করছে, তার উপর নির্ভর করবে অর্থের পরিমাণ।
যদি নির্ধারিত লক্ষ্য ছাড়িয়ে যায়, তাহলে এই অর্থ দ্বিগুণ হয়ে ২৫২ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। আবার লক্ষ্য পূরণ না হলে তিনি কোনও কিছুই নাও পেতে পারেন। এ ছাড়াও সুন্দর পিচাই আগামী তিন বছরে মাসে মাসে রেস্ট্রিকটেড স্টক পাবেন। এর মোট মূল্য প্রায় ৮৪ মিলিয়ন ডলার বা ভারতীয় মূদ্রায় ৭৬৪ কোটি টাকা (প্রায়)। উল্লেখ্য, তাঁর বার্ষিক বেতন দুই মিলিয়ন ডলার বা ভারতীয় মূদ্রায় ১৮ কোটি টাকা (প্রায়)।
গুগলের মূল সংস্থা আলফাবেট আরও নতুন স্টক প্রণোদনাও ঘোষণা করেছে। এর মোট মূল্য প্রায় ৩৫০ মিলিয়ন ডলার বা ভারতীয় মূদ্রায় ৩১৮৫ কোটি টাকা (প্রায়) পর্যন্তও হতে পারে।
আসলে এই প্রণোদনা মূলত সংস্থার স্বয়ংক্রিয় প্রযুক্তি সংক্রান্ত প্রকল্পের বৃদ্ধির সঙ্গে যুক্ত। এর মধ্যে রয়েছে ওয়েমো ও উইং অ্যাভিয়েশন সংস্থা। ওয়েমোর শেয়ারে প্রায় ১৩০ মিলিয়ন ডলার বা ভারতীয় মূদ্রায় প্রায় ১,১৮০ কোটি টাকা এবং উইং অ্যাভিয়েশনের শেয়ারে প্রায় ৪৫ মিলিয়ন ডলার বা ভারতীয় মূদ্রায় প্রায় ৪১০ কোটি টাকা পাবেন সুন্দর পিচাই। এই দুই ক্ষেত্রেই লক্ষ্য পূরণ হলে অর্থের পরিমাণ দ্বিগুণ পর্যন্ত হতে পারে।
আলফাবেটের পরিচালনা পর্ষদ জানিয়েছে, স্বয়ংচালিত গাড়ি এবং ডেলিভারি প্রযুক্তির মতো বড় চ্যালেঞ্জিং ক্ষেত্রে সুন্দর পিচাইয়ের নেতৃত্বের উপর তাদের আস্থা রয়েছে।
২০১৫ সালের অগস্ট মাসে গুগলের প্রধান নির্বাহী হন সুন্দর পিচাই। তাঁর নেতৃত্বে সংস্থার বাজারমূল্য প্রায় সাত গুণ বেড়েছে। তখন গুগলের বাজারমূল্য ছিল প্রায় ৫৩৫ বিলিয়ন ডলার বা ভারতীয় মূদ্রায় প্রায় ৪৮.৭ লক্ষ কোটি টাকা। বর্তমানে তা প্রায় ৩.৬ ট্রিলিয়ন ডলারে বা ভারতীয় মূদ্রায় প্রায় ৩২৭ লক্ষ কোটি টাকা পৌঁছেছে। চলতি বছরের জানুয়ারি মাসে এক সময় এটি ৪ ট্রিলিয়ন ডলারও বা ভারতীয় মূদ্রায় প্রায় ৩৬৪ লক্ষ কোটি টাকা ছুঁয়েছিল।
ভারতীয় বংশোদ্ভূত ৫৩ বছরের সুন্দর পিচাই ২০০৪ সালে গুগলে যোগ দেন। তিনি আগে ম্যাককিনসি সংস্থায় কাজ করতেন। গুগলে যোগ দেওয়ার পরে তিনি ক্রোম ব্রাউজার তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পরে অ্যান্ড্রয়েড বিভাগের নেতৃত্বও দেন। তার পর ধীরে ধীরে সংস্থার শীর্ষ পদে পৌঁছন।
সম্প্রতি তিনি গুগলের ক্লাস সি শেয়ারের ৩২ হাজার ৫০০টি বিক্রি করেছেন। এই শেয়ারের মূল্য ছিল প্রায় ৯.৮ মিলিয়ন ডলার বা ভারতীয় মূদ্রায় ৮৯ কোটি টাকা। বর্তমানে সুন্দর পিচাই ও তাঁর স্ত্রীর কাছে মোট ১৬ লক্ষ ৭০ হাজার গুগল শেয়ার রয়েছে। শুক্রবারের বাজারদরে এর মূল্য প্রায় ৪৯৮ মিলিয়ন ডলার বা ভারতীয় মূদ্রায় প্রায় ৪,৫৩০ কোটি টাকা।
তুলনায় মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা ২০২৫ অর্থবর্ষে প্রায় ৯৬.৫ মিলিয়ন ডলার বা ভারতীয় মূদ্রায় প্রায় ৮৭৮ কোটি টাকা আয় করেছেন। অন্যদিকে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক পেয়েছেন প্রায় ৭৪.৩ মিলিয়ন ডলার বা ভারতীয় মূদ্রায় প্রায় ৬৭৬ কোটি টাকা।
বিশেষজ্ঞদের মতে, এই বিপুল পারিশ্রমিক প্যাকেজ সুন্দর পিচাইয়ের নেতৃত্বে গুগলের দ্রুত বৃদ্ধি এবং প্রযুক্তি খাতে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে।
