আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধের যবনিকা পতন। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল অবশেষে। শান্ত হল পশ্চিম এশিয়া। শেষমেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি স্বাক্ষরিত হল।
গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান সমঝোতাপত্রে ডিজিটাল স্বাক্ষর করেছেন। যে খবর ছড়িয়ে পড়তেই স্বস্তির নিঃশ্বাস বিশ্বজুড়ে।
চলছে জি৭ সম্মেলন। এই সম্মেলনের পরেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নৈশভোজ করছিলেন ট্রাম্প। সেই সময়েই সমঝোতাপত্রের নথিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তিচুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছেন ইরানের প্রতিনিধিও।
ইরানের এক সংবাদমাধ্যমকে ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, পাকিস্তান যে সমঝোতাপত্রের খসড়া পাঠিয়েছিল, তাতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন। এখন দেখার অপেক্ষা, এটি কতটা কার্যকর হয়।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, সুইৎজ়ারল্যান্ডের জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে শান্তিচুক্তি স্বাক্ষরিত হবে। কিন্তু নির্ধারিত দিনের আগেই দুই দেশের প্রেসিডেন্ট সেই শান্তিচুক্তিতে স্বাক্ষর করলেন। এর ফলে জেনেভার বৈঠক বাতিল কিনা, তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে তেহরানের তরফে জানা গিয়েছে, আগের সূচি মেনেই জেনেভায় শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে।
দীর্ঘ ১৫ সপ্তাহের যুদ্ধে অবসান ঘটল বলে জানিয়েছে দুই দেশ। চুক্তি অনুযায়ী খুলে গেল হরমুজ প্রণালীও। আন্তর্জাতিক বাজারে এবার ধীরে ধীরে কমবে তেলের দাম। পাশাপাশি শেয়ার বাজার ফের চাঙ্গা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল যুদ্ধের দামামা। ইরানে একযোগে হামলা করেছিল ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা চালিয়েছে ইরান। যুদ্ধে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। নিহত হয়েছেন ইরানের প্রাক্তন শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। প্রথম শান্তি বৈঠক বসেছিল পাকিস্তানে। সেই বৈঠকে ভেস্তে যাওয়ার পর কেটে গিয়েছে বহু দিন। অবশেষে সেই শান্তিচুক্তি স্বাক্ষরিত হল।















