আজকাল ওয়েবডেস্ক: ইরানের বিরুদ্ধে অভিযানে ওয়াশিংটনকে সমর্থন না দেওয়ায় পশ্চিমী মিত্র'দের ‘শাস্তি’ দেয়ার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগনের অভ্যন্তরীণ একটি ইমেইল উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) এ তথ্য জানিয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো) থেকে স্পেনকে সাময়িকভাবে বহিষ্কারের মতো কঠোর প্রস্তাবও দেয়া হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মার্কিন এক কর্মকর্তা উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় যেসব ন্যাটো মিত্র দেশ কার্যকরী সহযোগিতা করেনি, তাদের ওপর ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। ওই ইমেইলে স্পেনকে জোট থেকে বাদ দেয়ার পাশাপাশি মার্কিন যুক্তরাজ্যের মালিকানাধীন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বিষয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের অবস্থানে পরিবর্তন আনার প্রস্তাবও দেওয়া হয়েছে। অর্থাৎ ফকল্যান্ড ইস্যুতে ব্রিটেনের পক্ষ নেয়া থেকে সরে আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকরা বলছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলার পর থেকেই ট্রাম্প প্রশাসন ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আরও সক্রিয় সামরিক ও রাজনৈতিক সমর্থন আশা করেছিল। কিন্তু স্পেন-সহ বেশ কিছু দেশ এই যুদ্ধে সরাসরি অংশ নিতে অনাগ্রহ দেখিয়েছে। পেন্টাগনের এই অভ্যন্তরীণ বার্তা থেকে স্পষ্ট যে, ইরান ইস্যুতে অবাধ্য মিত্রদের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে চাইছে হোয়াইট হাউস।















