আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে এখনও অচলাবস্থা চলছে বিশ্বজুড়ে। ইরানে আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলার কয়েক সপ্তাহ পরে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাশাহি (ইউএই)-র প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করতে একটি গোপন সফরে আমিরশাহি যান। ইজরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতিতে এই বিষয়ে দাবি করা হয়েছে।
‘এক্স’-এ পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, “অপারেশন রোয়ারিং লায়ন চলাকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরশাহি সফরে যান। তিনি আমিরাশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন।” এতে আরও বলা হয়, এই সফরের ফলে দুই দেশের সম্পর্কের ‘ঐতিহাসিক অগ্রগতি’ হয়েছে।
যদিও ইজরায়েলের এই দাবি নস্যাৎ করে দিয়েছে আমিরশাহি। তারা জানায়, নেতানিয়াহু কোনও এরকম সফরে জাননি। ইজরায়েলি সামরিক প্রতিনিধিদলকেও অভ্যর্থনা জানায়নি আমিরশাহি।
আমিরাশাহির বিদেশ মন্ত্রক জানিয়েছে, “ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমিরশাহি সফর বা দেশে কোনও ইডরায়েলি সামরিক প্রতিনিধিদলকে স্বাগত জানানোর বিষয়ে প্রচারিত প্রতিবেদনটি সঠিক নয়।”
ইজরায়েল এবং আমিরশাহির পরস্পরবিরোধী বিবৃতি দিয়েছে। তবে কোনও রাষ্ট্রনেতার অন্য কোনও দেশে অঘোষিত সফর এই প্রথম নয়। যে সকল বিশ্বনেতারা বিভিন্ন দেশে গোপন সফর করেছেন-
- বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ২০১৫ সালে একটি গোপন সফরে মস্কো গিয়েছিলেন। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সেই প্রথম তিনি দেশ বাইরে বেরিয়েছিলেন।
- প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রায়শই আকস্মিকভাবে আফগানিস্তান সফর করতেন। যার মধ্যে রয়েছে ২০১৪ সালের ২৫ মে মেমোরিয়াল ডে সপ্তাহান্তে তাঁর সফর।
- ওবামার পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশ, মার্কিন অভিযানে সাদ্দাম হুসেনকে গদিচ্যুত করার আট মাস পরে ২০০৩ সালে ইরাকে সেনা পরিদর্শন করেছিলেন।
- ১৯৭৭ সালে মিশরীয় প্রেসিডেন্ট আনোয়ার সাদাত কোনও ঘোষণা ছাড়াই ইজরায়েল সফরে গিয়েছিলেন। বিবিসি প্রতিবেদন অনুযায়ী, তৎকালীন ইজরায়েলি প্রধানমন্ত্রী মেনাকেম বেগিন তাঁকে স্বাগত জানান।















