আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর ২৩৪ সদস্যের বিধানসভায় আস্থা ভোটে দুরন্ত জয় পেলেন মুখ্যমন্ত্রী বিজয়। বুধবার অনুষ্ঠিত ফ্লোর টেস্টে তাঁর সরকারের পক্ষে ভোট পড়ে ১৪৪টি, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল মাত্র ১১৮টি ভোট। ফলে প্রথমবার সরকার গঠনের পরেই বিধানসভায় নিজের শক্তি প্রমাণ করে দিলেন টিভিকে প্রধান বিজয়।


তবে আস্থা ভোটের দিন বিরোধী শিবিরের আচরণ ছিল অত্যন্ত নাটকীয়। ডিএমকে এবং ডিএমডিকের বিধায়কেরা ভোটাভুটির আগে ওয়াকআউট করেন। অন্যদিকে, পিএমকের চার বিধায়ক এবং বিজেপির এক বিধায়ক ভোটদান থেকে বিরত থাকেন। ফলে উপস্থিত ও ভোটদানকারী সদস্যের সংখ্যা অনেকটাই কমে যায়।


সবচেয়ে বড় চমক আসে এআইএডিএমকে-র অন্দর থেকেই। দলনেতা কে পালানিস্বামী বা ইপিএসের নির্দেশ অমান্য করে দলের একাংশ বিজয় সরকারের পাশে দাঁড়ায়। সূত্রের দাবি, বিদ্রোহী নেতা শণ্মুগম এবং এস পি ভেলুমণির নেতৃত্বাধীন গোষ্ঠীর অন্তত ২৫ জন বিধায়ক সরকারের পক্ষে ভোট দিয়েছেন। যদিও এআইএডিএমকে-র মোট বিধায়ক সংখ্যা ৪৭, তার মধ্যে মাত্র ২২ জন ইপিএস শিবিরে থেকে সরকারের বিরুদ্ধে ভোট দেন।


বিজয়ের দল একাই বৃহত্তম দল হিসেবে উঠে এলেও, সরকার গঠনে তাঁকে সমর্থন দিয়েছে কংগ্রেসের পাঁচ বিধায়ক এবং বাম দল, ভিসিকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের মোট আটজন বিধায়ক। সব মিলিয়ে তাঁর সমর্থনে ছিল ১২০ জন বিধায়ক। যদিও এক বিধায়ক আদালতের নির্দেশে ভোটে অংশ নিতে পারেননি।


আস্থা ভোটে জয়ের পর এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা এআইএডিএমকে-র ভাঙন নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিদ্রোহ ভবিষ্যতে তামিলনাড়ুর বিরোধী রাজনীতিকে আরও দুর্বল করতে পারে। তবে দলত্যাগ বিরোধী আইন এড়িয়ে আনুষ্ঠানিকভাবে টিভিকের সঙ্গে একীভূত হতে গেলে বিদ্রোহী শিবিরকে অন্তত ৩১ জন বিধায়কের সমর্থন প্রয়োজন, যা এখনও তাদের হাতে নেই।


আস্থা ভোটের সময় বিরোধী শিবির থেকে ঘোড়া কেনাবেচার অভিযোগও ওঠে। সেই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিজয় কটাক্ষের সুরে বলেন, তাঁর সরকার “ঘোড়ার গতিতে” কাজ করছে, কিন্তু “ঘোড়া কেনাবেচা” করছে না।

 

&t=1s
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজয় আরও জানান, তাঁর সরকার সর্বদা ধর্মনিরপেক্ষ নীতি মেনে চলবে এবং আগের সরকারগুলির শুরু করা জনকল্যাণমূলক প্রকল্পগুলিও চালিয়ে যাবে। রাজনৈতিক মহলের মতে, আস্থা ভোটে এই বড় জয় শুধু বিজয়ের সরকারকেই মজবুত করেনি, বরং তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিতও দিয়ে দিল।