আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতসহ সারা বিশ্বে। ইরান ও ইজরায়েলের সংঘাতের জেরে ওই এলাকার আকাশপথ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রভাব এসে পড়েছে ভারতেও। ফলস্বরূপ ভারতীয় বিমানবন্দরগুলোতে একাধিক ফ্লাইট বাতিল। পাশাপাশি মাত্রাতিরিক্ত বিলম্বের জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। আটকে পড়েছেন বহু ভারতীয় শিক্ষার্থী।

ইরানের শিরাজে আটকে পড়া শ্রীনগরের এক ছাত্রী জানান, সেখানে ইন্টারনেট পুরোপুরি বন্ধ। ভিপিএন ব্যবহার করে বহু চেষ্টার পর মেসেজ পাঠানো যাচ্ছে। তিনি বলেন, "বোমাবর্ষণের শব্দ শোনা যাচ্ছে, এটিএমে টাকা নেই। জীবন খুব অনিশ্চিত হয়ে পড়েছে।"

সূত্রের খবর অনুযায়ী, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার মধ্যপ্রাচ্যগামী প্রায় ১০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া ও অন্যান্য বিমান সংস্থাগুলি রুট পরিবর্তন করেছে।

এর মধ্যেই আবার সৌদি আরবে ওমরাহ পালনে যাচ্ছেন বহু তীর্থযাত্রী। এয়ার ইন্ডিয়া ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটগুলি আপাতত চালু থাকলেও, অনেকেই চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বহু যাত্রী আবার নতুন করে ট্রাভেল রুট ঠিক করতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন।

ইরানের মাটিতে আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযানের পর থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-সহ একাধিক শীর্ষ নেতার মৃত্যু হয়েছে বলে খবর।

পাল্টা ইরানও লাগাতার ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে। কুয়েত, বাহরিন ও সংযুক্ত আরব আমিরশাহীর আকাশসীমা দিয়ে উড়ে আসা একের পর এক ইরানি মিসাইল রুখে দিচ্ছে মার্কিন ডিফেন্স সিস্টেম। দশকব্যাপী চলা 'প্রচ্ছন্ন লড়াই' এখন সরাসরি যুদ্ধের রূপ নিয়েছে। পারস্য উপসাগরে এখন কেবলই বারুদের গন্ধ।