আজকাল ওয়েবডেস্ক: প্রকাশিত হল ইউজিসি নেট-এর জুন পর্বের অ্যাডমিট কার্ড। জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর তরফে প্রকাশ করা হল এই অ্যাডমিট কার্ড। পরীক্ষার্থীরা আজ থেকেই ইউজিসি নেট-এর নিজস্ব ওয়েবসাইট ugcnet.nta.nic.in-থেকে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

 

এনটিএ -এর বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২, ২৩, ২৪, ২৫, ২৯ এবং ৩০ জুন ইউজিসি নেট-এর আয়োজন করবে। ওই পরীক্ষাগুলির জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করা হল। পরীক্ষার্থীরা তাঁদের অ্যাপ্লিকেশন নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় লগ-ইন তথ্য ব্যবহার করে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।

 

পরীক্ষার সময়সূচি ও পদ্ধতি

 

এ বছরের ইউজিসি নেট জুন পরীক্ষাটি সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক বা কম্পিউটার-বেসড টেস্ট মোডে আয়োজন করা হবে। দেশের বাছাই করা পরীক্ষাকেন্দ্রে ইউজিসি নেট-এর আয়োজন করা হবে। পরীক্ষাটি প্রতিদিন দু'টি শিফটে নেওয়া হবে। প্রথম পর্বের পরীক্ষা চলবে সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত। দ্বিতীয় পর্বের পরীক্ষা চলবে বিকেল ৩:০০ টে থেকে সন্ধে ৬:০০ টা পর্যন্ত।

 

কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

 

১. প্রথমে ইউজিসি নেট-এর নিজস্ব ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ যেতে হবে।

২. হোমপেজে থাকা 'UGC NET Admit Card 2026' লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. এরপর আপনার অ্যাপ্লিকেশন নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় লগ-ইন তথ্য দিয়ে লগ ইন করতে হবে।।

৪. এর পর 'সাবমিট' করলেই স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখা যাবে।

৫. কার্ডে থাকা সমস্ত তথ্য ভাল করে মিলিয়ে নিয়ে সেটি ডাউনলোড করে নিয়ে ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট রেখে দিতে হবে।

 

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশিকা

 

এনটিএ-এর পক্ষ থেকে পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে যে, অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পর তাতে নিজের নাম, ছবি, পরীক্ষার তারিখ, শিফটের সময় এবং পরীক্ষাকেন্দ্রে নাম ভালভাবে যাচাই করে নিতে হবে। পরীক্ষা দেওয়ার দিন পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ডের একটি প্রিন্টআউটের সঙ্গে একটি বৈধ ছবি-সহ পরিচয়পত্রও নিয়ে যেতে হবে।