আজকাল ওয়েবডেস্ক: আজ শীর্ষ আদালতে এসআইআর মামলার শুনানি। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ শুনানি চলাকালীন অসন্তোষ প্রকাশ করেছে ইতিমধ্যেই। এরপরই ঘোষণা করা হল, আগামী ৬ এপ্রিল রাতের মধ্যে 'বিবেচনাধীন' তালিকা যাচাইয়ের কাজ শেষ হবে। 

৬০ লক্ষের মধ্যে ৪৭ লক্ষের নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এরপরই ভোটের মুখে বাংলায় এসআইআর প্রক্রিয়ার কাজের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। 

নির্বাচন কমিশন এদিন শীর্ষ আদালতে জানিয়েছে, ট্রাইব্যুনালে যাঁরা কাজ করবেন, তাঁদের প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আগামিকাল, বৃহস্পতিবার থেকেই ট্রাইব্যুনালের কাজ শুরু হবে। 

এদিন অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, "অনেক রাজ্যেই তো এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে এত অসুবিধা কেন হচ্ছে? কাজ করতে গিয়ে কী কী সমস্যা হচ্ছে। প্রথম দফায় যেখানে ভোট, সেখানকার সমস্যার নিষ্পত্তি আগে করা দরকার।" 

প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলিকে নিয়ে গঠিত বেঞ্চকে নির্বাচন কমিশন জানিয়েছে, হাইকোর্টের প্রাক্তন প্রধানবিচারপতি, বিচারকদের নেতৃত্বে ১৯টি আপিল ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং ট্রাইব্যুনালগুলির অধিবেশনের স্থান হিসেবে নির্দিষ্ট জায়গা ঠিক করা হয়েছে। 

যাঁদের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ যাবে তাঁরা অ্যাপালেট ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশনের কথা অনুযায়ী, এখনও ট্রাইব্যুনাল গঠন হয়নি। ২৪ জন প্রাক্তন বিচারপতিকে জেলাভিত্তিক নিয়োগ করা হবে। তার মধ্যে ১৯ জনকে নিয়োগ করা হয়েছে। বাকি এখনও হয়নি। তারপর সমস্ত দিক খতিয়ে দেখে তারপর ট্রাইব্যুনাল গঠন হবে। কমিশন আরও জানিয়েছে, চলতি সপ্তাহ থেকে প্রতি শুক্রবার একটি করে তালিকা প্রকাশ করা হবে। 

কমিশন যে ১৯ জনের নাম ঘোষণা করেছেন তাঁদের জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগণা এবং কলকাতায় প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি প্রদীপ্ত রায় বিধানসভা অনুযায়ী  উত্তর ২৪ পরগণায়, পূর্ব মেদিনীপুরের দায়িত্বে প্রাক্তন বিচারপতি তপেন সেন,  প্রাক্তন বিচারপতি প্রণব কুমার দেব কোচবিহারে, পূর্ব বর্ধমানে প্রাক্তন বিচারপতি প্রভাত কুমার দে, প্রাক্তন বিচারপতি রঘুনাথ রায় নদিয়া, প্রাক্তন বিচারপতি অশোক কুমার দাস অধিকারী হাওড়া, প্রাক্তন বিচারপতি দীপক সাহা রায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে, প্রাক্তন বিচারপতি তৌফিক উদ্দিন দক্ষিণ দিনাজপুরে, প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চ্যাটার্জী এবং বিশ্বজিৎ বসুকে বিধানসভা অনুযায়ী মুর্শিদাবাদে, প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগকে দক্ষিণ ২৪ পরগণা, প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি হুগলি, প্রাক্তন বিচারপতি মুমতাজ খান পুরুলিয়া এবং বাঁকুড়া, প্রাক্তন বিচারপতি মীর দারা শেকো পশ্চিম বর্ধমান, প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে উত্তর দিনাজপুর, প্রাক্তন বিচারপতি মনোজিৎ মণ্ডল বীরভূম এবং  প্রাক্তন বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরীকে মালদা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।