আজকাল ওয়েবডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির সুযোগ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র তরফে এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ব্যাঙ্কের তরফে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। রয়েছে বিপুল সংখ্যক শূন্যপদ।

 

কোন পদে চাকরি?

 

সংস্থায় শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। চলতি অর্থবর্ষের জন্য সংস্থার তরফে এই নিয়োগ।

 

প্রশিক্ষণের মেয়াদ

 

এক বছর ধরে চলবে নিযুক্তদের প্রশিক্ষণ। তবে প্রশিক্ষণকালে নিযুক্তদের কাজের উপর নির্ভর তাঁদের জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হতে পারে।

 

বৃত্তির পরিমাণ

 

নিযুক্তদের প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১৫ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে।

 

মোট শূন্যপদের সংখ্যা

 

সংস্থায় মোট ৭ হাজার ৫১০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে সংরক্ষিতদের জন্য বরাদ্দ রাখা হবে কিছু আসন।

 

কোন কোন রাজ্যে হতে পারে পোস্টিং?

 

নিযুক্তদের পোস্টিং হতে পারে পশ্চিমবঙ্গে। রাজ্যে মোট ৪৬০টি শূন্যপদ রয়েছে। এ ছাড়াও গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, লাদাখ, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, পন্ডিচেরি, তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা, অসম, মিজোরাম, মণিপুর, তেলঙ্গনা, রাজস্থান, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, উত্তরাখন্ড, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড এবং কেরালাও নিযুক্তদের কর্মস্থল হতে পারে।

 

 

শিক্ষাগত যোগ্যতা

 

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

 

বয়ঃসীমা

 

প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।

 

 

যোগ্যতা যাচাই

 

প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে দু'ভাবে। তাঁদের অনলাইন লিখিত পরীক্ষা এবং আঞ্চলিক ভাষায় দক্ষতা পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। অনলাইন লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত সময়সীমা এক ঘণ্টা। পরীক্ষায় থাকবে ১০০ নম্বর। জুলাই মাসেই অনলাইন লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। আঞ্চলিক ভাষায় দক্ষতা পরীক্ষার জন্য প্রার্থীদের ওই ভাষায় কথোপকথন, লেখা বা বোঝার ক্ষমতা থাকতে হবে। তবে ব্যাঙ্কে নিয়োগের আগে প্রার্থীদের শারীরিক সক্ষমতাও যাচাই করে নেওয়া হবে।

 

 

আবেদন প্রক্রিয়া

 

প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইট https://ibpsreg.ibps.in/sbiaapr26/ -এ গিয়ে আবেদন করতে হবে।

 

আবেদনমূল্য

 

সংরক্ষিতরা বাদে বাকিদের জন্য বরাদ্দ আবেদনমূল্যের পরিমাণ ৩০০ টাকা।

 

আবেদনের সময়সীমা

 

প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে মঙ্গলবার থেকে আগামী ৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।