আজকাল ওয়েবডেস্ক: দিল্লি যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিরাট বিক্ষোভের পর পরিবেশকর্মী সোনম ওয়াংচুক বুধবার জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না- কেন্দ্র এমন আশ্বাস দিলে তিনি অনশন তুলতে রাজি।
মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা 'নিট'-এর প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে ওয়াংচুকের অনশন আজ, ২২ জুলাই ২৫ দিনে পড়ল।
অন্য দিকে, বিক্ষোভের সময় পুলিশের বলপ্রয়োগ নিয়ে দিল্লি হাইকোর্ট কেন্দ্র ও দিল্লি পুলিশের কাছে জবাব চেয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১১ সেপ্টেম্বর।
সিজেপি-র মিছিল চলাকালীন আন্দোলনকারীদের উপর দিল্লি পুলিশ বেপরোয়া লাঠি চালিয়েছে- এই অভিযোগ তুলে দুটি মামলা হয়েছিল। মামলাকারীদের আইনজীবীদের দাবি, শান্তিপূর্ণ জমায়েতে কোনও সতর্কবার্তা না দিয়েই পুলিশ হামলা চালায়। এমনকী, পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে মারধরের অভিযোগে অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বাকে আদালতে তলব করারও দাবি ওঠে।
যদিও পুলিশ এই সব দাবি উড়িয়ে দিয়েছে। তাদের যুক্তি, বিক্ষোভকারীরা আদৌ শান্ত ছিলেন না। জনতা হিংসাত্মক হয়ে পাথর ছোঁড়ে এবং পুলিশের বহু কর্মী জখম হন। ফলে পরিস্থিতি সামলাতে পদক্ষেপ করতেই হতো।
উল্লেখ্য, 'নিট' কেলেঙ্কারির প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই যন্তর মন্তরে জমায়েত করে সিজেপি। 'সংসদ চলো' অভিযানের অংশ হিসেবে বিক্ষোভকারীরা এগোতে গেলেই কাঁদানে গ্যাস ও লাঠি চালিয়ে তাঁদের আটকে দেয় পুলিশ।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সিজেপি বুধবার জানিয়েছে, তারা সরকারের সঙ্গে কথা বলতে তৈরি, তবে কোনও নিরপেক্ষ জায়গায়।
সংগঠনের নেতা দাসের কথায়, "আমরা প্রথম দিন থেকেই আলোচনার পক্ষে। তবে কোনও মন্ত্রীর বাড়ি বা দপ্তরে যাব না। কথা হলে যন্তর মন্তরে হবে, নয়তো 'কনস্টিটিউশন ক্লাব'-এর মতো নিরপেক্ষ কোনও জায়গায়।" পুলিশ সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা শীঘ্রই সিজেপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন।
















