আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকারের পাখির চোখ এখন শিল্প ও কর্মসংস্থান। আর সেই লক্ষ্যেই এবার কোমর বেঁধে আসরে নেমেছে নতুন শাসক দল। বৃহস্পতিবার বাণিজ্য নগরী মুম্বাইয়ে এক হাই-প্রোফাইল বৈঠকে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেখানে মুম্বাইয়ের প্রথম সারির বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়ন এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠক শেষে নিজের এক্স হ্যান্ডেলে এই খবর ভাগ করে নিয়েছেন খোদ রাজ্য সভাপতি। তিনি জানান, আলোচনার টেবিলে বাংলার শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ মানবসম্পদ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে নতুন করে পুঁজি বিনিয়োগের যে বিপুল সুযোগ তৈরি হয়েছে, তা শিল্পপতিদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গের এই নতুন রূপরেখা ও বাণিজ্য সম্ভাবনার কথা শুনে উপস্থিত শিল্পপতি ও ব্যবসায়ীরাও রাজ্যে ব্যবসা সম্প্রসারণের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।
শমীক ভট্টাচার্য তাঁর পোস্টে স্পষ্ট করে দিয়েছেন যে, রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক চেহারা বদলে দিতে বদ্ধপরিকর নতুন সরকার। তিনি আশা প্রকাশ করেন, শিল্প, নতুন কর্মসংস্থান তৈরি এবং চাঙ্গা অর্থনীতির স্বার্থে সরকার, শিল্পমহল এবং বিনিয়োগকারীরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তবে পশ্চিমবঙ্গের এই নতুন অগ্রযাত্রা রুখবে কে! পারস্পরিক এই সহযোগিতাই আগামী দিনে বাংলার উন্নয়নের চাবিকাঠি হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক ও শিল্প মহল।















