আজকাল ওয়েবডেস্ক: এটিএম মেশিন খারাপ। তাই টাকা তোলাও বন্ধ। সেই এটিএমের মধ্যেই চালু হল সেলুন। টাকা তোলা নয়, সেখানেই চলছে চুল, দাড়ি কাটার কাজ। যা দেখে রীতিমতো তাজ্জব বনে গেছেন স্থানীয়রা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দানাপুর এলাকায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম বুথ ছিল। সেখানেই এটিএম মেশিন খারাপ হয়ে যায়। যার জেরে দীর্ঘদিন এটিএম থেকে টাকা তুলতে পারছিলেন না স্থানীয়রা।
দানাপুরের ওই এটিএম বুথেই এখন রমরমিয়ে চলছে সেলুন। বাইরে যদিও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাইনবোর্ড। ভিতরে খারাপ হয়ে যাওয়া এটিএম মেশিনটিও আর নেই। এটিএম বুথের মধ্যে সাজানো রয়েছে চেয়ার, আয়না, হেয়ার ড্রায়ার, চুল কাটার আরও সরঞ্জাম।
স্থানীয়রা জানিয়েছেন, ওই এটিএম বুথে কয়েক মাস আগেও টাকা তোলা যেত। স্থানীয়রা, এমনকী পথচলতিরাও টাকা তোলার জন্য ওই এটিএম বুথ ব্যবহার করতেন। একটি বাড়ির নীচেই রয়েছে ওই এটিএম বুথ।
কয়েক সপ্তাহ আগেই ওই বুথে এটিএম মেশিন খারাপ হয়ে যায়। এটিএম মেশিনটিও সরিয়ে নেওয়া হয়। কিন্তু ব্যাঙ্কের সাইনবোর্ড এখনও রয়েছে। সুযোগ বুঝে ওই বুথের মধ্যে সেলুন চালু করেছেন এক যুবক। রমরমিয়ে চলছে তাঁর ব্যবসা। বহু মানুষ চুল, দাড়ি কাটতে, হেড মাসাজ করতেও ওই সেলুনে যাচ্ছেন।
যেহেতু ব্যাঙ্কের সাইনবোর্ড এখনও রয়েছে, তাই ভুল বুঝে কেউ কেউ এটিএম কার্ড হাতে বুথের মধ্যে ঢুকেও পড়ছেন। টাকা তুলতে গিয়ে এটিএম বুথে ঢুকেই হতবাক হয়ে যাচ্ছেন বহু মানুষ। কেউ কেউ হাসতে হাসতে লুটিয়েও পড়েন।
তবে এটিএম বুথে সেলুন নিয়ে আপত্তি জানাননি স্থানীয়রা। ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়েও পড়েছে। নেটিজেনরাও ভিডিওটি দেখে বেজায় মজা পেয়েছেন। একজন লিখেছেন, সংশ্লিষ্ট ওই ব্যাঙ্কের উচিত সাইনবোর্ড খুলে নিয়ে যাওয়ার। আরেকজন লিখেছেন, সাইনবোর্ড খুলে ফেললেই আর ভুল বোঝাবুঝি হবে না। তাঁদের কথায়, এটিএম মেশিন সরে গেলে, ওই ছোট্ট বুথে মাসিক ভাড়া দিয়ে সেলুন চলতেই পারে।















