আবু হায়াত বিশ্বাস, দেরাদুন: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচির প্রস্তুতির সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রবীণ কংগ্রেস কর্মীর। বৃহস্পতিবার সন্ধ্যায় দেরাদুনের বান্নু স্কুল মাঠে সভামঞ্চ তৈরির কাজ চলাকালীন লোহার একটি ভারী রড মাথায় পড়ে গুরুতর জখম হন ৬৫ বছরের অমর মেহতা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর, রাহুল গান্ধী ছাত্রোঁ কি গুঞ্জ সভা শুরুর আগে মৃত নেতার প্রতি শ্রদ্ধা জানাবেন। 

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, রাহুলের ছাত্র সমাবেশের জন্য বান্নু স্কুল মাঠে শ্রমিকরা মঞ্চের লোহার কাঠামো তৈরি করছিলেন। সেই সময় আচমকাই একটি ভারী লোহার রড খুলে অমর মেহতার মাথায় পড়ে। ঘটনাস্থলেই তিনি গুরুতর রক্তাক্ত হন। উপস্থিত কর্মীরা তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ পর্যন্ত মারা যান। অমর মেহতা দীর্ঘদিন ধরে কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। তাঁর ছেলে ভারতীয় যুব কংগ্রেসের সঙ্গেও যুক্ত। ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি গণেশ গোদিয়াল। তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। শোক প্রকাশ করেছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। 

এই দুর্ঘটনার পরও শুক্রবারের ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কংগ্রেস। তবে অনুষ্ঠানটি হবে সংযত ও অনাড়ম্বর পরিবেশে। রাহুল গান্ধী ছাত্রদের সঙ্গে প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাতেও যেতে পারেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।