আবু হায়াত বিশ্বাস

প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব এবং শিক্ষাব্যবস্থার সংকটকে সামনে রেখে শুক্রবার উত্তরাখণ্ডের দেরাদুনে ছাত্র-যুবদের সঙ্গে মতবিনিময় করবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

কংগ্রেসের ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে এর আগে রাজস্থানের কোটায় বিপুল সাড়া মিলেছিল। এবার সেই কর্মসূচিই হচ্ছে দেরাদুনে। কংগ্রেস সূত্রের দাবি, ইতিমধ্যেই কয়েক লক্ষ ছাত্র-‌যুব রেজিস্ট্রেশন করিয়েছেন ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য।

২০২৭ সালের উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের আগে যুবসমাজের ক্ষোভকে সংগঠিত আন্দোলনে রূপ দেওয়াই কংগ্রেসের লক্ষ্য বলে রাজনৈতিক মহলের অভিমত।

সমাবেশের আগে বৃহস্পতিবার সমাজমাধ্যমে উত্তরাখণ্ডে ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান রাহুল। তিনি লেখেন,‘‌১৭ জুলাই আমি দেরাদুনে আসছি। উত্তরাখণ্ডকেই কেন বেছে নেওয়া হয়েছে? কারণ দেবভূমিকে প্রশ্নপত্র ফাঁসের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে।’‌

তাঁর অভিযোগ, ‘‌উত্তরাখণ্ড এসএসএসসি পরীক্ষায় এমন একটি ব্যবস্থা গড়ে উঠেছে, যেখানে পাটওয়ারি, লেখপাল বা অন্য সরকারি পদ যোগ্যতার ভিত্তিতে নয়, অপরাধীদের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে।’‌

বিজেপি সরকারকে কটাক্ষ করে রাহুল বলেন,‘‌সরকার কঠোর নকল-বিরোধী আইন করেছে। তবু প্রশ্নপত্র ফাঁস থামেনি। আইন কাগজেই রয়ে গেছে, আর প্রশ্নপত্র বাজারে বিক্রি হয়েছে।’‌ ছাত্র-যুবদের উদ্দেশে তাঁর বার্তা, ‘‌এটি শুধু প্রশ্নপত্র ফাঁস নয়, এটি তাদের অধিকার, চাকরি ও ভবিষ্যৎ চুরি। এই লড়াই আপনাদের, আর আমি আপনাদের পাশে আছি। ভবিষ্যৎ নিলাম হতে দেব না, স্বপ্ন ফাঁস হতে দেব না।’‌ 

উল্লেখ্য, প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। ১৯ দিন ধরে চলছে তাঁর অনশন।

এদিনই প্রথম কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের যে দাবি নিয়ে ওয়াংচুক অনশনে বসেছেন, কংগ্রেসও গত দেড় মাস ধরে একই দাবি জানিয়ে আসছে। তিনি ওয়াংচুককে অনশন প্রত্যাহারের অনুরোধ জানান।

কংগ্রেস সরাসরি ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ায়নি। বরং পৃথকভাবে আন্দোলন চালাচ্ছে। ‘‌ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়েছে। ইতিমধ্যেই রাজস্থানের কোটায় হয়েছে এই ছাত্র সমাবেশ। এবার উত্তরাখণ্ড। এর পর এলাহাবাদ, বিহার এবং ৯ আগস্ট দিল্লিতে ‘‌ছাত্রোঁ কি গুঞ্জ’ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। 
 
রাহুলের ছাত্র সমাবেশের জন্য প্রথমে দেরাদুনের প্যারেড গ্রাউন্ডে সমাবেশের অনুমতি মিললেও পরে তা বাতিল হওয়ায় অনুষ্ঠানটি বান্নু স্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে সমাবেশ হবে বান্নু স্কুল মাঠে।

কংগ্রেসের অভিযোগ, বিপুল জনসমাগমের আশঙ্কায় বিজেপি সরকার প্রশাসনের মাধ্যমে বাধা সৃষ্টি করেছে। তবে বিজেপির দাবি, আগের আবেদনপত্রে রাহুল গান্ধীর নাম উল্লেখ ছিল না এবং সরকারি কর্মসূচির জন্য ভেন্যুটি প্রয়োজন হওয়ায় অনুমতি প্রত্যাহার করা হয়েছে।