আজকাল ওয়েবডেস্ক: বিহারে আসন্ন উপনির্বাচনে বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে নিজে প্রার্থী হওয়ার ঘোষণা করলেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। রবিবার এক সাংবাদিক বৈঠকে এই বড় ঘোষণা করার পাশাপাশি এই নির্বাচনী লড়াইকে রাজ্যে বিজেপি পরিচালিত সরকারের জনসমর্থনের একটি বড় পরীক্ষা বা ‘রেফারেন্ডাম’ হিসেবেও বর্ণনা করেছেন তিনি।
বিজেপি নেতা নীতিন নবীন রাজ্যসভায় নির্বাচিত হয়ে ইস্তফা দেওয়ায় বাঁকিপুর আসনটি শূন্য হয়েছিল। সেই আসনেই এবার সরাসরি ভোট ময়দানে নামছেন এই ভোটকুশলী। বাঁকিপুরের ভোটারদের প্রশংসা করে প্রশান্ত কিশোর বলেন, "বাঁকিপুরের মানুষ বিহারের মধ্যে সবচেয়ে ধনী ও শিক্ষিত। তাঁদের সেরা প্রার্থীকেই ভোট দেওয়া উচিত। তাঁরা যদি আমার ওপর ভরসা রাখতে পারেন, তবে আমি তাঁদের ভোট দেওয়ার অনুরোধ করব। আমার দলের একমাত্র বিধায়ক হিসেবেও আমি বিধানসভায় বাকি ২৪২ জন বিধায়কের চেয়ে ভারী প্রমাণিত হব।"
এর পাশাপাশি বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন জন সুরজ প্রধান। তিনি মনে করিয়ে দেন, জেডিইউ নেতা নীতিশ কুমারের নেতৃত্বে গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল এনডিএ। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা সম্রাট চৌধুরী জনগণের কাছ থেকে নতুন কোনো ম্যান্ডেট বা রায় না নিয়েই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন।
প্রশান্ত কিশোরের কথায়, "এই উপনির্বাচন আদতে সম্রাট চৌধুরীর দু’মাস বয়সী সরকারের কাজকর্মের ওপর একটি গণভোট হতে চলেছে। যদি বিজেপি জেতে, তবে আমি নির্দ্বিধায় মেনে নেব যে তাঁদের ওপর জনসমর্থন রয়েছে। আর যদি আমরা জিতি, তবে দেওয়ালে লেখাটা (ভবিষ্যতের ইঙ্গিত) তাঁদেরই বুঝে নিতে হবে।"
আগামী ৩০ জুলাই বাঁকিপুর আসনে ভোটগ্রহণ করা হবে এবং ফল ঘোষণা হবে ৩ আগস্ট। সোমবার থেকেই শুরু হচ্ছে মনোনয়ন পর্ব, যা চলবে ১৩ জুলাই পর্যন্ত। জন সুরজ পার্টির কোর কমিটি ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের নাম চূড়ান্ত করেছে। তবে বিজেপি বা আরজেডি-কংগ্রেস-বাম জোট এখনও এই আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। অন্যদিকে প্রাক্তন মন্ত্রী তেজ প্রতাপ যাদবের জনশক্তি জনতা দল এই আসনে সমাজকর্মী বীণা মানবীকে প্রার্থী করেছে।















