আজকাল ওয়েবডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহিতে তেলের খনিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এই ঘটনায় তীব্র নিন্দা জানাল ভারত। ঘটনার জেরে তিন ভারতীয় শ্রমিক আহত হয়েছেন। এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান। সম্প্রতি সেখানে আটকে পড়া জাহাজ উদ্ধারে আমেরিকা ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করতেই নতুন করে উত্তেজনা ছড়ায়। সোমবার আমিরশাহির ফুজাইরা তেল খনিতে আছড়ে পড়ে একের পর এক ড্রোন ও মিসাইল।

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমি এই হামলার তীব্র নিন্দা করছি। সাধারণ মানুষ ও পরিকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি স্পষ্ট জানান, ভারত এই বিপদে আমিরশাহির পাশে আছে। আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হওয়া উচিত।

ভারতের বিদেশ মন্ত্রকও এক বিবৃতিতে জানিয়েছে- 
 
অবিলম্বে এই 'যুদ্ধংদেহি' মনোভাব ও সাধারণ মানুষের ওপর হামলা বন্ধ হোক।

হরমুজ প্রণালী দিয়ে যাতে অবাধে জাহাজ চলাচল করতে পারে, তার জন্য আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরি।

বিশ্বজুড়ে তেলের জোগান স্বাভাবিক রাখতে এই এলাকায় শান্তি ফেরানো প্রয়োজন।

আমিরশাহি এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করলেও, মোদি সরকার সরাসরি ইরানের নাম নেয়নি। জানা গিয়েছে, গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর এটাই ছিল প্রথম বড় হামলা। 

অন্যদিকে, ইরান এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে, আমেরিকা গায়ের জোরে ওই জলপথে জাহাজ চালানোর চেষ্টা করছে বলেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। ওই তেল খনিতে কোনও হামলার পরিকল্পনা তাদের ছিল না বলেই দাবি তেহরানের।