আজকাল ওয়েবডেস্ক: শনিবার ইন্ডিগোর বিমানে এক যাত্রীর কাণ্ড দেখে রীতিমতো হাড়হিম হওয়ার জোগাড়! অবতরণের ঠিক কয়েক মিনিট আগে আচমকাই বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা করেন এক যাত্রী। পরে পুলিশের কাছে তাঁর অদ্ভুত দাবি- ওই সময় নাকি তাঁকে ‘ভূতে ধরেছিল’।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু থেকে বারাণসীগামী ৬ই-১৮৫ বিমানে। রাত সোয়া ৮টা নাগাদ বিমানটি ওড়ার মাত্র ১৫ মিনিটের মাথায় প্রথমবার দরজা খোলার চেষ্টা করেন উত্তরপ্রদেশের মউ জেলার বাসিন্দা মহম্মদ আদনান। বিমানকর্মীরা ধরে ফেললে তিনি বিষয়টিকে ‘ভুল’ বলে এড়িয়ে যান। সে যাত্রায় তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

বাকি পথ সব ঠিকঠাকই ছিল। কিন্তু রাত ১০টা ২০ নাগাদ বিমানটি যখন বারাণসী বিমানবন্দরের পৌঁছবে, ঠিক তখনই ফের আসরে নামেন আদনান। মাটি থেকে তখন বিমানটি মাত্র ৫০০ ফুট উঁচুতে! জানা গিয়েছে, বিপদের আঁচ পেয়ে তড়িঘড়ি অবতরণ পিছিয়ে দেন চালক। কয়েক চক্কর ঘুরে রাত ১০টা ৩৫ মিনিটে নিরাপদে বিমানটি নামানো হয়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফেরেন যাত্রীরা।

বিমান নামতেই আদনানকে তুলে দেওয়া হয় সিআইএসএফ-এর হাতে। পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করেছে। জেরার মুখে ওই যাত্রী প্রথমে জানান, কেন এমন করেছেন তিনি নিজেও জানেন না। পরে দাবি করেন, তাঁকে ভূতে ধরেছিল। যদিও পুলিশি জেরায় আবার সুর বদলে বলেন, গোয়া থেকে ছুটি কাটিয়ে ফিরছিলেন, ওটা যে বিপদের দরজা তা নাকি বুঝতেই পারেননি।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "তদন্ত চলছে। অভিযুক্তের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তাঁরা মউ থেকে রওনা দিয়েছেন।"