আজকাল ওয়েবডেস্ক: বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্বভার দেওয়া হোক তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে। রাহুল গান্ধীকে এমনই পরামর্শ দিলেন কংগ্রেসের বহিষ্কৃত নেতা মণিশঙ্কর আইয়ার। তাঁর মতে, বিরোধী জোটের স্টিয়ারং আঞ্চলিক দলগুলির নেতাদের হাতে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। শতাব্দী প্রাচীন দলের নেতার মতে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধী জোটের নেত্রী, যাঁকে ছাড়া "ইন্ডিয়া জোটের 'আই', 'এন', 'ডি', 'আই', 'এ' চলে যাবে।"

মণিশঙ্কর আইয়ারের সাফ কথা, "মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের নেত্রী। তাঁর সঙ্গে আরও দু-চারজন আছেন যারা এই পদ অর্জন করতে পারেন।" এই কংগ্রেস নেতার ইঙ্গিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদবের দিকে। 

চব্বিশের লোকসভা ভোটের আগে ও পরে ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে নানা চর্চা হয়েছে। মণিশঙ্কর আইয়ারের বক্তব্যে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের নেতৃত্বভার নয়া রাজনৈতিক বিতর্কের জন্ম দিল বলে মনে করা হচ্ছে।

বক্তব্যে মণিশঙ্কর বলেছেন, "আমি আশা করি অপেক্ষাকৃত ছোট আঞ্চলিক দলের নেতা, যেমন- স্ট্যালিন, মমতা দিদি, অখিলেশ, তেজস্বী বা অন্য কারও - ইন্ডিয়া জোটের নেতৃত্বের পদে যাওয়ার চেষ্টা করার পরিবর্তে রাহুল গান্ধীর উচিত তাঁদেরই জোটের ভার সামলাতে দেওয়া।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবমাননাকর মন্তব্যের জন্য মণিশঙ্কর আইয়ারকে রাহুল গান্ধী কংগ্রেস থেকে বরখাস্ত করেছিলেন। এরপর থেকেই তিনি কংগ্রেসের বিচ্যূতি নিয়ে সরব হয়েছে। এনডিএ বিরোধী যেসব আঞ্চলিক দল কংগ্রেসের সমালোচনা করে তাদেরই প্রশংসা করেন তিনি। সম্প্রতি তিনি কেরলের মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম নেতা পিনারাই বিজয়নের প্রশংসা করে শিরোনামে এসেছিলেন। তবে কংগ্রেস আগাগোড়াই বলেছে যে, মণিশঙ্কর আইয়ারের মন্তব্য তাঁর ব্যক্তিগত।

মণিসঙ্কর আইয়ারের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলার কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরী বলেছেন, "শুরুতেই স্পষ্ট করে বলা যাক যে, অনেক দিন ধরে, মণিসঙ্কর আইয়ার আর কংগ্রেস দলের কাজের সঙ্গে যুক্ত নন। বাংলার পাঁচটি রাজ্যসভা আসন এখন খালি। মণিশঙ্কর আইয়ারের এমন মন্তব্যের পিছনে কী এটাই কারণ? আমরা সবটাই ভাবছি।"  

মণিশঙ্করের বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, "আমি এখনই কোনও মন্তব্য করব না কারণ আমরা সকলেই বাংলার নির্বাচন নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে আমাদের প্রাথমিক কর্তব্য হল বাংলায় বিজেপিকে চূড়ান্তভাবে পরাজিত করা এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে চতুর্থবারের মতো এখানে সরকার গঠন নিশ্চিত করা। মণিশঙ্কর আইয়ার একজন অত্যন্ত প্রবীণ নেতা। গোটা দেশ দেখছে কে বিজেপিকে ঠেকাতে সঠিক অর্থে লড়াই করে চলেছেন।"