আজকাল ওয়েবডেস্ক: কেরলে কে হবেন মুখ্যমন্ত্রী? সম্প্রতি কংগ্রেসের অন্দরে টানটান উত্তেজনা। এই দৌড়ে মূলত দু’জনের নাম উঠে আসছে। পরিস্থিতি খতিয়ে দেখতে কেরলের একঝাঁক নেতার সঙ্গে বৈঠকে বসেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইউডিএফ সদস্য অডুর প্রকাশ এবং প্রদেশ কংগ্রেসের বেশ কিছু শীর্ষ নেতা।

রাহুল গান্ধি, কেরল প্রদেশ কংগ্রেসের পাঁচ প্রাক্তন সভাপতি এবং তিন কার্যনির্বাহী সভাপতির সঙ্গেও কথা বলেছেন। খবর মিলছে যে, অধিকাংশ নেতাই কে সি বেণুগোপালকে মুখ্যমন্ত্রী করার পক্ষে সওয়াল করেছেন। অন্যদিকে, বিদায়ী বিরোধী দলনেতা ভি ডি সাথীসানের পক্ষে রয়েছেন মাত্র দু’জন। বাকি একজন নিরপেক্ষ অবস্থান নিয়েছেন।

লড়াইয়ে থাকা আর এক বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিথালা অবশ্য এই দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়েছেন। সোমবার দিল্লি থেকে ফিরে তিনি জানান, মুখ্যমন্ত্রী পদ নিয়ে দল যা সিদ্ধান্ত নেবে, তা-ই চূড়ান্ত। চেন্নিথালার কথায়, "আমরা আমাদের মতামত হাইকমান্ডকে জানিয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এইটুকু সময় লাগাই স্বাভাবিক।"

তবে দলের অন্দরের এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং দুই পক্ষের শক্তি প্রদর্শন নিয়ে বেজায় ক্ষুব্ধ রাহুল গান্ধি। সমর্থকদের নিয়ে যেভাবে রাস্তায় নেমে দাপট দেখানো হচ্ছে, তাতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

কেরল বিধানসভার ১৪০টি আসনের মধ্যে ১০২টি জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। বিদায়ী শাসক জোট এলডিএফ পেয়েছে ৩৫টি আসন এবং বিজেপি ৩টি। এখন সবার নজর দিল্লির দিকে। কেরলের সিংহাসনে রাহুল কাকে বসান, সেটাই দেখার।