আজকাল ওয়েবডেস্ক: বারাণসীর বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দির চত্বরে হঠাৎই চলল গুলি। উত্তরপ্রদেশ পুলিশের এক জওয়ানের সার্ভিস কার্বাইন থেকে আচমকা গুলি চলায় মুহূর্তের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, শনিবার মন্দিরের ৪বি নম্বর গেটের কাছে ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জখম তিনজন ফুল বিক্রেতা।

 

পুলিশ সূত্রে খবর, মন্দিরের ৪বি নম্বর গেটের কাছে নান্দু ফারিয়া এলাকায় ভক্তবৃন্দের ভিড় ছিল। মন্দির চত্বরে ছিলেন স্থানীয় ব্যবসায়ীরাও। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ পুলিশের ৪৮ নম্বর ব্যাটালিয়নের পিএসি দেওয়ান অমরনাথ চৌহানের পিঠে তাঁর সার্ভিস কার্বাইনটি ঝোলানো ছিল। আচমকাই সেই বন্দুকের বেল্ট বা স্লিং ছিঁড়ে যায়। মাটিতে পড়ে যায় বন্দুক। সেখান থেকে ছিটকে গিয়ে গুলি চলে।

 

মাটিতে পড়ে বন্দুক থেকে গুলি ও বুলেটের টুকরো ছিটকে আসে। আর তারপর তা কাছাকাছি থাকা তিন স্থানীয় ফুল বিক্রেতার গায়ে লাগে। আহতদের নাম নিখিল গুপ্ত, রাম বাবু এবং বিকাশ যাদব। আহতদের মধ্যে একজনের আঙুলে, একজনের কোমর এবং অন্যজনের পায়ে বুলেটের টুকরো লেগেছে। ঘটনার পরই রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে কবির চৌরার মণ্ডলীয়া হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়। প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আহতরা প্রত্যেকে সজ্ঞানেই ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনজনের অবস্থাই বর্তমানে স্থিতিশীল। শীঘ্রই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

 

খবর পেয়েই পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে এবং ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনের উচ্চপদস্থ ও পুলিশ কর্তারা। কীভাবে বন্দুকটি মাটিতে পড়েই সচল হয়ে গেল, সার্ভিস আগ্নেয়াস্ত্র বহনের ক্ষেত্রে নির্দিষ্ট সুরক্ষাবিধি মানা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখবে পুলিশ।

 

দেশের অন্যতম ব্যস্ত এবং পবিত্র এই মন্দিরে আচমকা গুলির শব্দে সাধারণ পুণ্যার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা এলাকা কড়া পাহারায় হাজির নিরাপত্তা বাহিনী।