আজকাল ওয়েবডেস্ক: হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে, এবার ইরান থেকে তেল কিনছে ভারতীয় তেল শোধনাগারগুলো।
প্রায় সাত বছর পর ইরান থেকে তেল কেনা হচ্ছে বলে শনিবার জানিয়েছে ভারতের তেল মন্ত্রক।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত। ২০১৯ সালের মে মাসের পর থেকে ইরান থেকে আর তেল কেনেনি ভারত । ইরানি অপরিশোধিত তেল না কেনার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপেই এই সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তবে মধ্য প্রাচ্যে সংঘাতের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটায়
বর্তমানে জ্বালানি সংকটের মুখে নয়াদিল্লি।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক 'এক্স' প্ল্যাটফর্মে এক বার্তায় জানিয়েছে, 'মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় এই পরিস্থিতিতে, ভারতীয় তেল শোধনাগারগুলো ইরান-সহ বিভিন্ন উৎস থেকে তাদের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের সংস্থান নিশ্চিত করেছে। তাছাড়া, ইরান থেকে অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে অর্থ পরিশোধ সংক্রান্ত কোনও বাধাও নেই।'
গত মাসে, তেলের সরবরাহ সংকট মেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানি তেল এবং পরিশোধিত তেলজাত পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ফলে ইরান থেকে তেল কিনতে আর আর্থিক লেনদেন সংক্রান্ত ঝামেলাও নেই।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক আরও জানিয়েছে যে, আগামী মাসগুলোর জন্য ভারতের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের সম্পূর্ণ চাহিদা ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রক এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, 'ভারত ৪০টিরও বেশি দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করে থাকে। বাণিজ্যিক ও ব্যবসায়িক বিবেচনার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন অঞ্চল ও উৎস থেকে তেল সংগ্রহের ক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলোর পূর্ণ স্বাধীনতা ও নমনীয়তা রয়েছে।'
এছাড়া, ভারত নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি জাহাজে করে আনা ৪৪,০০০ মেট্রিক টন ইরানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসও (এলপিজি) কিনেছে। পেট্রোলিয়াম ও প্রাক্তিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, বুধবার ভারতের পশ্চিমাঞ্চলীয় বন্দর ম্যাঙ্গালোরে নোঙর করা ওই জাহাজটি থেকে বর্তমানে জ্বালানি খালাস করার কাজ চলছে।
















