আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারতের বাণিজ্য মহলে স্বস্তি। সোমবার থেকে ওমানের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি বা ‘সেপা’ কার্যকর হল। গত বছর ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওমান সফরের সময়ে এই ঐতিহাসিক চুক্তি সই হয়েছিল।

আজ কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সামাজিক মাধ্যমে এই খবর জানিয়ে বলেন, এই চুক্তি ভারতের অর্থনীতিতে নতুন জোয়ার আনবে। এর ফলে দেশের ছোট ও মাঝারি শিল্প, কৃষক, মৎস্যজীবী এবং কারিগরদের তৈরি পণ্যের জন্য বিদেশের বাজার খুলে যাবে, যা বিপুল কর্মসংস্থান তৈরি করবে।

এই চুক্তির আসল গুরুত্ব লুকিয়ে রয়েছে ওমানের ভৌগোলিক অবস্থানে। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ চলায় এখন ‘হরমুজ প্রণালী’ দিয়ে জাহাজ চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। 

অথচ, এই রাস্তা দিয়েই বিশ্বের ২০ শতাংশ তেল আনাগোণা করে। ইরানের বাধায় সৌদি আরব বা কাতার থেকে ভারতে তেল-গ্যাস আসা কমেছে, ফলে বিশ্ববাজারে জ্বালানির দামও চড়চড় করে বাড়ছে।

অন্য দেশের মতো ওমানকে হরমুজ প্রণালীর ওপর নির্ভর করতে হয় না। ওমানের বন্দরগুলি সরাসরি আরব সাগরের তীরে অবস্থিত। তাই যুদ্ধ চললেও ওমান থেকে সহজে পণ্য আনা সম্ভব।

অর্থনৈতিক গবেষণা সংস্থা ‘জিটিআরআই’-এর প্রধান অজয় শ্রীবাস্তব জানান, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে যখন উপসাগরীয় দেশগুলি থেকে ভারতের ব্যবসা এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে, তখন একমাত্র ওমান থেকেই ভারতের আমদানি প্রায় ২৪৬ শতাংশ বেড়েছে। মূলত ওমান থেকে অপরিশোধিত তেল ও ইউরিয়া সার আসার কারণেই এই বৃদ্ধি।

এবার থেকে ওমানে ভারতের প্রায় ৯৯ শতাংশ রপ্তানি পণ্যের ওপর আর কোনও ট্যাক্স লাগবে না। জামাকাপড়, সোনা-দানা, চামড়ার জুতো, ওষুধ, প্লাস্টিক এবং গাড়ির মতো শ্রমনিবিড় শিল্পগুলি এই শুল্কমুক্ত সুবিধার আওতায় আসছে। আগে যেখানে ওমানে ভারতের বহু পণ্যে চড়া ট্যাক্স দিতে হতো, এখন তা শূন্য হয়ে যাওয়ায় ওমানের বাজারে ভারতীয় পণ্যের বিক্রি ও জনপ্রিয়তা দুই-ই বাড়বে।

 ওমানও ভারতের বাজারে বড় ছাড় পাবে। বিশেষ করে ভারত ওমান থেকে যে বিপুল পরিমাণ জ্বালানি তেল, রান্নার গ্যাস (এলএনজি) এবং সার আমদানি করে, সেগুলির ক্ষেত্রে ভারত সরকার ট্যাক্স তুলে দেবে বা অনেক কমিয়ে দেবে।

তবে ওমানের জনসংখ্যা (৫৫ লক্ষ) এবং বাজার ছোট হওয়ায় ভারতের রপ্তানি বৃদ্ধির একটা সীমা থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবুও, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ওমান যে ভারতের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য এক বন্ধু হয়ে উঠল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।