আজকাল ওয়েবডেস্ক: আর 'মনমানি' নয়। দিল্লি হোক বা কলকাতা- মেট্রোয় চড়ে এবার থেকে নিয়ম ভাঙলে পস্তাতে হবে আমজনতাকে। মদ্যপান করে স্টেশনে ঢোকা, রেললাইনে নামা কিংবা স্টেশনে বিক্ষোভ দেখানোর মতো ঘটনায় জরিমানার অঙ্ক এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিচ্ছে কেন্দ্র।
শুক্রবার লোকসভায় ‘জন বিশ্বাস (সংশোধন) বিল, ২০২৬’ পেশ করে এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ।
ঠিক কী কী বদলাচ্ছে?
আগে মেট্রো চত্বরে মদ্যপ অবস্থায় ধরা পড়লে মাত্র ৫০০ টাকা জরিমানা দিতে হতো। নতুন বিল পাস হলে সেই অঙ্ক বেড়ে হবে ২,০০০ থেকে ৫,০০০ টাকা। শুধু তা-ই নয়, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতে পারে সেই যাত্রীকে।
না বলে রেললাইনে নামলে বা হাঁটলে এখন ৫০০ টাকা জরিমানা দিতে হয়। প্রস্তাবিত আইনে তা এক লাফে বেড়ে দাঁড়াচ্ছে ২০,০০০ টাকা।
মেট্রো স্টেশনে ধর্ণা দেওয়া বা পোস্টার মারলে এখন ১,০০০ টাকা জরিমানা বা জেল হয়। কেন্দ্র চাইছে জেলের বদলে জরিমানার অঙ্ক বাড়িয়ে ১০,০০০ টাকা করতে।
কলকাতা মেট্রোয় যাঁরা সুখটান দিতে অভ্যস্ত, তাঁদের জন্য দুঃসংবাদ। স্টেশনে বা ট্রেনে ধূমপান করলে ২৫০ টাকার বদলে এখন দিতে হবে ২,০০০ টাকা।
কেন্দ্রের দাবি, ছোটখাটো ভুলের জন্য জেল খাটানোর বদলে মোটা টাকা জরিমানা আদায় করে বিষয়টিকে প্রশাসনিক স্তরে মিটিয়ে ফেলাই লক্ষ্য। সরকারের মতে, এতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে এবং অহেতুক আইনি জটিলতা কমবে। সব মিলিয়ে মোট ৭৯টি আইনের ৭৮৪টি ধারা সংশোধন করতে চাইছে মোদি সরকার।















