আজকাল ওয়েবডেস্ক: আমেরিকাতেই ছিল সফল কেরিয়ার। 'মেটা'-র মতো নামী বহুজাতিক সংস্থায় চাকরি। গোছানো সংসার। দীর্ঘ ১৮ বছরের সেই আরামের জীবন এক লহমায় ছেড়ে সপরিবারে ভারতে ফিরে এলেন এক অনাবাসী ভারতীয়। কারণ দেশের বাড়িতে বয়স্ক বাবা-মা সম্পূর্ণ একা। এই আবেগঘন খবরের কথা সমাজমাধ্যমে পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

 

'মেটা'-র ইঞ্জিনিয়ারিং লিডার বালাজি গুরুরাজন সমাজমাধ্যমে নিজেই এই খবর ভাগ করে নিয়েছেন। হুইলচেয়ারে একগাদা সুটকেসের চাপানো ছবি দিয়ে লিঙ্কডইনে তিনি লিখেছেন, "১৮ বছর পর মাত্র এক মাস আগে আমরা আমেরিকার জীবন গুটিয়ে বেঙ্গালুরুতে ফিরে এসেছি। উদ্দেশ্য, বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকা। দূর থেকে দেখভালের বদলে সন্তানদেরও যৌথ পরিবারের সাহচর্যে বড় করে তোলা।"

 

আমেরিকায় থেকে মেটা ছাড়াও মাইক্রোসফট এবং লিঙ্কডইনের মতো প্রথম সারির সংস্থায় গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন বালাজি। চেনা ছক ও বিলাসবহুল জীবন ছেড়ে ভারতে ফেরার সিদ্ধান্ত যে সহজ ছিল না, তা মেনে নিয়েছেন গুরুরাজন। তিনি লেখেন, "সবকিছু ছেড়ে চলে আসাটা এখনও ঠিক করে বিশ্বাস হচ্ছে না। আমেরিকার বে এরিয়া আমাকে কেরিয়ার, দুর্দান্ত সমস্ত বন্ধু এবং প্রযুক্তি ও নেতৃত্ব নিয়ে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করেছে। যা আমি আজীবন মনে রাখব।”

 

নেটনাগরিকদের অনেকেই তাঁর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। একজন লিখেছেন, "যখন আপনি বাবা-মায়ের পাশে বসবেন এবং তাঁদের চোখের শান্তি দেখতে পাবেন, তখন বাকি সব তুচ্ছ মনে হবে। এই আনন্দ ডলার দিয়ে কেনা যায় না।" অন্য এক নেটিজেনের মন্তব্য, "একে বলে রিভার্স ব্রেন ড্রেন (মেধা পাচার রোধ)। ১২ বছর আগে আমিও আমেরিকা থেকে ফিরেছিলাম, এটাই আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল।"

 

এই ঘবাবা-মায়ের প্রতি ভালোবাসা এবং মাটির টানে বালাজির এই দেশে ফেরার কাহিনি এখন নেটদুনিয়ায় অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে।