আজকাল ওয়েবডেস্ক: রাজ্যসভা ভোটে কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যা ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসের একাধিক নেতা। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন খোদ মীনাক্ষী। 

 

প্রসঙ্গত, গত মঙ্গলবার কংগ্রেস প্রার্থী মীনাক্ষীর মনোনয়নপত্র বাতিল হওয়ার পরেই জাতীয় নির্বাচন কমিশনের গেটের বাইরে বিক্ষোভ দেখান কে সি বেণুগোপাল, সচিন পাইলট, দীপা দাশমুন্সিরা। 

 

১৮ জুন রাজ্যসভায় নির্বাচন। মধ্যপ্রদেশের তিন রাজ্যসভা আসনে ভোটগ্রহণ হবে। তার আগে বড় ধাক্কা হাত শিবিরে।‌ গত ৯ জুন কংগ্রেস প্রার্থী মীনাক্ষীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছে, তেলঙ্গানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার তথ্য মনোনয়নপত্রে উল্লেখ করেননি মীনাক্ষী। 

 

মামলাটি ২০২২ সালের। তেলঙ্গানার কংগ্রেস নেতা কুম্ভম শিবকুমার রেড্ডির বিরুদ্ধে হেনস্থা, শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন প্রাক্তন কর্পোরেট এগজ়িকিউটিভ এ শ্রীলতা। মামলাটি পরে খারিজ হয়ে যায়। এরপর ২০২৫ সালে ম্যাজিস্ট্রেট কোর্টে একটি পিটিশন দাখিল করেন শ্রীলতা। সেখানে চতুর্থ অভিযুক্ত হিসেবে মীনাক্ষীর নাম ছিল। কারণ? শ্রীলতার অভিযোগ, রেড্ডির বিরুদ্ধে অভিযোগ তুললেও তেলেঙ্গানার দায়িত্বপ্রাপ্ত নেত্রী মীনাক্ষী কোনও কড়া পদক্ষেপ করেননি। 

 

এদিকে কংগ্রেস নেতাদের দাবি, এই অভিযোগের ভিত্তিতে কোর্টের নোটিশের জবাব দিয়েছেন মীনাক্ষী। তা সত্ত্বেও কেন মনোনয়নপত্র বাতিল করা হল? এর পিছনে গভীর ষড়যন্ত্রের ছক দেখছে কংগ্রেস। রাজনৈতিক কারণে উদ্দেশ্যপ্রণোদিত হয়েই মীনাক্ষীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলেই অভিযোগ তাদের। 

 

মনোনয়নপত্র বাতিল হওয়ার পরেই সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চে মামলা দায়ের করে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। রিটার্নিং অফিসারের বিরুদ্ধেই ইচ্ছাকৃতভাবে মনোনয়নপত্র বাতিলের অভিযোগ জানানো হয়েছে।