আজকাল ওয়েবডেস্ক: শীঘ্রই প্রকাশিত হতে পারে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের নির্ধারিত অ্যাপ্লিকেশন তেমনই ইঙ্গিত দিচ্ছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে।
সূত্র অনুযায়ী, সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ফল প্রকাশ করা হবে 'ডিজিলকার' এবং 'উমঙ্গ' অ্যাপের মাধ্যমে। রবিবার 'ডিজিলকার' অ্যাপের যে অংশ থেকে পরীক্ষার্থীরা মার্কশিট দেখতে পাবেন, সেই অংশে 'শীঘ্রই আসছে' বলে একটি লেখা দেখা যাচ্ছে। আর তা দেখেই ফল প্রকাশের সম্ভাবনা আরও জোরালো হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই সিবিএসই-র তরফে ঘোষণা করা হবে দ্বাদশের পরীক্ষার ফলাফল। গতবার সিবিএসই-র দ্বাদশের ফল ঘোষণা করা হয়েছিল ১৩ মে। পাশের হার ছিল ৮৮.৩৯।
চলতি বছরে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শেষ হয় ১০ এপ্রিল। মোট ১৮ লক্ষ ৫৯ হাজার ৫৫১ জন এ বার পরীক্ষা দিয়েছে।
কোন কোন ওয়েবসাইট এবং অ্যাপ থেকে রেজাল্ট দেখা যাবে?
১। cbse.gov.in
২। results.cbse.nic.in
৩। cbseresults.nic.in
৪। digilocker.gov.in
৫। উমাঙ্গ অ্যাপ্লিকেশন
ফল দেখার জন্য কোন কোন জরুরি তথ্য প্রয়োজন?
১। রোল নম্বর
২। স্কুল নম্বর
৩। জন্মদিন এবং তারিখ
৪। অ্যাডমিট কার্ডের আইডি
পরীক্ষার্থীরা ফল প্রকাশের পর মার্কশিট থেকে তাদের মোট প্রাপ্ত নম্বর জানতে পারবে। পাশাপাশি, বিষয়ভিত্তিক মোট নম্বর, থিওরিতে প্রাপ্ত নম্বর, প্র্যাক্টিক্যালে প্রাপ্ত নম্বর, বিষয়ভিত্তিক গ্রেড-সহ বাকি তথ্যও জানতে পারবে মার্কশিট থেকে।
প্রসঙ্গত, চলতি বছর থেকেই সিবিএসই-র দশমে দু'বার পরীক্ষার আয়োজন করা হবে। গত ১৫ এপ্রিল ঘোষণা করা হয় সিবিএসই-র দশম শ্রেণির প্রথম পর্বের পরীক্ষার ফল। মোট পরীক্ষার্থী ছিল ২৫ লক্ষ। পাশের হার ৯৩.৭০ শতাংশ। চলতি বছরে ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার ৯৮.৯৯ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাশের হার ৯২.৬৯ শতাংশ। গত বছরের তুলনায় চলতি বছর পাশের হার ০.০৪ শতাংশ বেড়েছে। পরীক্ষার খাতা দেখেছেন প্রায় ৭ লক্ষ শিক্ষক। পরীক্ষা গ্রহণ করা হয়েছিল দেশ এবং বিদেশের মোট ২৭ হাজার ৩৩৯টি কেন্দ্রে। এ বছর কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি।
১৫ মে থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের পরীক্ষা। চলবে ২১ মে পর্যন্ত। সম্প্রতি পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। দ্বিতীয় পর্বের জন্য পরীক্ষার্থীরা নিজে তাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে না। বোর্ড অধীনস্থ স্কুলগুলিকে পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। স্কুলগুলি বোর্ডের নিজস্ব ওয়েবসাইট cbse.gov.in-থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। তার পর পরীক্ষার্থীদের স্কুল থেকেই ওই অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। তবে এই নিয়ম কার্যকর হবে শুধুমাত্র নিয়মিত বা 'রেগুলার' পরীক্ষার্থীদের জন্য। অন্য দিকে, যারা স্কুলের বাইরে থেকে আলাদা ভাবে পরীক্ষা দিচ্ছে অর্থাৎ 'প্রাইভেট'-এ, তারা নিজেরাই তাদের অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে।















