বিভাস ভট্টাচার্য 

দিল্লি থেকে বাংলা, সর্বত্রই মারছে বিজেপি। কারণ এই সরকারের ডিএনএ-তেই রয়েছে মারধরের মতো বিষয়টি। মঙ্গলবার কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ীর করা এই মন্তব্যের কড়া জবাব দিল রাজ্য বিজেপি। বুধবার এই প্রসঙ্গে রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র সায়ন্তন বসু কংগ্রেসের এই সাংসদকে লেখাপড়া করার পরামর্শ দিয়েছেন। 

প্রসঙ্গত, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সেই বিষয়ে দিল্লিতে 'ককরোচ জনতা পার্টি'র ডাকা 'চলো সংসদ' অভিযানে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের তরফে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য এই লাঠিচার্জ করা হয়েছে বলে দাবি করা হলেও ঘটনার নিন্দার ঝড় ওঠে সর্বত্র।

এই ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারীর আহত হওয়ার খবর সামনে এসেছে। পাশাপাশি পুলিশের কয়েকজন কর্মীও আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে মঙ্গলবার শহিদ মিনারে রাজ্য কংগ্রেসের ডাকা ২১ জুলাইয়ের 'শহিদ তর্পণ' অনুষ্ঠানে আসতে গিয়ে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী বিজেপির হাতে প্রহৃত হয়েছেন বলে রাজ্য কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে। যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তিও করতে হয়েছে বলে কংগ্রেসের তরফে জানানো হয়। 

মঙ্গলবার ২১ জুলাইয়ের মঞ্চে সাংসদ ও কংগ্রেস নেতা ইমরান প্রতাপগড়ী অভিযোগ করে বলেন, "দিল্লিতেও মেরেছে, এখানেও মারছে। কারণ এই সরকারের ডিএনএ-তেই মারধরের বিষয়টি রয়েছে।"

বুধবার এই বিষয়ে বিজেপি নেতা ও রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র সায়ন্তন বসু বলেন, "ইমরান প্রতাপগড়ীকে বলব তিনি যেন পড়াশোনা করে এবং খোঁজখবর নিয়ে কথা বলেন। তিনি কি জানেন যে দলের সঙ্গে তাঁর দল কংগ্রেস 'ইন্ডিয়া' জোট করেছে সেই দল যখন এরাজ্যে ক্ষমতায় ছিল তখন তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই রাজ্যের পুলিশের গুলিতে ওই কংগ্রেস কর্মীদের মৃত্যু হয়েছিল? ফলে মন্তব্য করার আগে তিনি যেন একটু খোঁজ নিয়ে নেন।"