আজকাল ওয়েবডেস্ক: প্রকাশিত হয়েছে চলতি বছরের বিভিন্ন বোর্ডের পরীক্ষার ফলাফল। উত্তীর্ণরা এর পর দেশের বিভিন্ন কলেজে নানা বিষয় নিয়ে পড়ার সুযোগ পাবেন। এ জন্য আর কিছুদিনের মধ্যেই শুরু হবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া। তার আগেই পড়ুয়াদের সতর্ক করতে একটি নির্দেশিকা জারি করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই)। আইনে উচ্চশিক্ষার জন্য কোন কোন কলেজের উপর নিষেধাজ্ঞা রয়েছে, তার একটি বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে নিয়ন্ত্রক সংস্থার তরফে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের আইনে স্নাতক বা স্নাতকোত্তরের জন্য একগুচ্ছ কলেজকে এই তালিকার আওতাভুক্ত করা হয়েছে। বিসিআই-এর তরফে জানানো হয়েছে, পড়ুয়া, অভিভাবক থেকে শুরু করে প্রশাসন এবং সমগ্র জনসাধারণকে সচেতন করতে প্রকাশ্যে আনা হয়েছে এই তালিকা। বিসিআই জানিয়েছে, সংশ্লিষ্ট কলেজগুলিতে হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের সভাপতিত্বে বিশিষ্ট আইন শিক্ষকরা মিলে একটি 'উচ্চ পর্যায়ের পরিদর্শনকারী দল' গঠন করে। যারা দেশের বিভিন্ন কলেজ আকস্মিক পরিদর্শন করে। কলেজগুলির বেশ কিছু গুরুতর পরিকাঠামোগত খামতি নজরে আসে বিশেষজ্ঞদের। এই সমস্ত বিষয় হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির সভাপতিত্বে ওই উচ্চ পর্যায়ের পরিদর্শনকারী দল যথাযথ ভাবে পর্যালোচনা করে। এর পরেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিষেধাজ্ঞা জারি করা হয় সংশ্লিষ্ট কলেজগুলির উপর। বিসিআই জানিয়েছে, শীঘ্রই ওই কলেজগুলিকে আলাদা করে যোগাযোগ করে তাদের খামতির জায়গাগুলি জানাতে হবে।
তালিকায় কোন কোন কলেজ রয়েছে?
১। সর্দার প্যাটেল ল কলেজ, শ্রীগঙ্গানগর, রাজস্থান।
২। সিবি সিং ল কলেজ, আকবরপুর, আম্বেদকরনগর, উত্তরপ্রদেশ।
৩। রাজীব গান্ধী বিধি মহাবিদ্যালয়, টঙ্ক, রাজস্থান।
৪। কৈটিল্য ল কলেজ, মানসরোবর এক্সটেনশন, সঙ্গানের, জয়পুর, রাজস্থান।
৫। আব্দুল রাজ্জাক ল কলেজ, জয়া, আমরোহা, উত্তরপ্রদেশ।
৬। বীর কুনওয়ার কলেজ অফ ল, ভি কে পুরম, নাগিনা রোড, বিজনোর, উত্তরপ্রদেশ।
৭। এসজিএন খালসা ল পিজি কলেজ, শ্রীগঙ্গানগর, রাজস্থান।
৮। রাজেশ পান্ডে কলেজ অফ ল, লোহিয়া নগর, আকবরপুর, আম্বেদকরনগর, উত্তরপ্রদেশ।
৯। শ্রী গজেন্দ্র সিং স্মৃতি বিধি মহাবিদ্যালয়, বিধুনা, অরারিয়া, উত্তরপ্রদেশ।















