আজকাল ওয়েবডেস্ক: কে. আন্নামালাই, তামিলনাড়ু বিজেপির প্রাক্তন সভাপতি। এবার তাঁর কপালেই জোটেনি দলের টিকিট! দক্ষিণী রাজ্যে ভোটের আগে যা নিয়ে চর্চা তুঙ্গে। জল্পনা চলছে, তাহলে কী পদ্ম বাহিনী থেকে ইস্তফা দেবেন এই পোড়খাওয়া বর্ষীয়ান নেতা। বিড়ম্বনা বাড়ে বিজেপিরও। এসেবর মধ্য়েই মুখ খুললেন কে. আন্নামালাই। 

শনিবার এক সাংবাদিক বৈঠকে আন্নামালাই স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি নিজেই তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। দলের কোর কমিটিকে তাঁর এই সিদ্ধান্তের কথা আগেই জানিয়ে রেখেছিলেন তিনি।

তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি বলেন, “আমি আগেই কোর কমিটিকে লিখিতভাবে জানিয়েছিলাম যে আমি কোনও আসন থেকেই লড়ব না। তাই বিষয়টি এমন নয় যে আমাকে টিকিট দেওয়া হয়নি। বরং সত্যটা হল, আমি নিজেই নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।”

এই বিজেপি নেতা জানান, যেহেতু বিষয়টি সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তাই তিনি তাঁর কথা সাফ জানিয়ে বিব্রান্তি দূর করলেন। আন্নামালাই বলেন, “যেহেতু বিষয়টি সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই ভোটে না দাঁড়ানো নিয়ে আমি আমার ব্যাখ্যা দিয়ে দিলাম।”

আন্নামালাই তাঁর সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে, তিনি এখন জোটের হয়ে প্রচার চালানোয় পূর্ণ মনোযোগ দেবেন। তিনি বলেন, “এনডিএ জোটের প্রার্থীদের সমর্থনে প্রচার চালানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি বিজেপি নেতৃত্বের কাছে কৃতজ্ঞ।”

শুক্রবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য ২৭ জন প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে ভারতীয় জনতা পার্টি। এরপরই এই নতুন পরিস্থিতির উদ্ভব হয়।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল তামিলনাড়ুর জন্য দলের প্রার্থীর তালিকা প্রকাশ করার ঠিক একদিন পরেই আন্নামালাই মুখ খুললেন। গোয়েল জানিয়েছিলেন যে, আন্নামালাই কোনও একটি নির্দিষ্ট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিবর্তে সমগ্র রাজ্যজুড়ে প্রচার চালানোর ওপরই বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গোয়েল বলেন, “আন্নামালাই দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি কোনও একটি আসন থেকে লড়ার পরিবর্তে সমগ্র রাজ্যজুড়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।” তিনি আরও জানান যে, দলের রাজ্য শাখার মতামত এবং প্রার্থীদের ব্যক্তিগত পছন্দের ওপর ভিত্তি করেই প্রার্থী নির্বাচন করা হয়েছে।

প্রার্থীর তালিকা ঘোষণার পর, আন্নামালাই ‘এক্স’ প্ল্যাটফর্মে এক বার্তায় জানান যে তিনি এনডিএ প্রার্থীদের হয়ে প্রচার চালাবেন। তিনি লেখেন, “আমি একজন ‘কার্যকর্তা’ (কর্মী)। এনডিএ জোটের ২১০টি আসনে জয়ের লক্ষ্য নিয়ে, আমি আমাদের বিজয়ী বিজেপি প্রার্থী-সহ জোটের অন্যান্য প্রার্থীদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াব এবং তাঁদের হয়ে প্রচার চালাব।”

২০২৪ সালের লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে বিজেপির প্রচারের নেতৃত্ব দিয়েছিলেন আন্নামালাই। কিন্তু দল সেখানে কোনও আসনই জিততে পারেনি। এছাড়া কোয়েম্বাটুর আসনে তিনি নিজেও এক লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। পরে তাঁকে সরিয়ে তামিলনাড়ু বিজেপির প্রধান হিসাবে নিয়োগ করা হয় নাইনার নাগেন্দ্রনকে।

২৩ এপ্রিল এক দফায় নির্বাচন হবে তামিলনাড়ুতে। ভোট গণনা হবে ৪ মে।