আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিতে নাজেহাল দশা মহারাষ্ট্রে। জেলায় জেলায় বানভাসি দশা। একটানা ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতিও। এর মধ্যেই ভেসে গেল ৩০০০ এলপিজি গ্যাস সিলিন্ডার। যে ভিডিওটি প্রকাশ্যে আসতেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়। এইচপিসিএল প্ল্যান্টে ধস নামার পরেই পাতালগঙ্গা নদীতে তলিয়ে যায় ৩০০০ এলপিজি সিলিন্ডার। যে ঘটনার ভিডিও ইতিমধ্যেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 

ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি। সেই বানভাসি দশাতেই চরম ভোগান্তি। হাজার হাজার এলপিজি সিলিন্ডার ভেসে যাওয়ার ভিডিওটি সো্শ্যাল না শেয়ার করেছেন রায়গড় ডিস্ট্রিক্ট কালেক্টর কিশান জাওয়ালে। এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, 'জরুরি ঘোষণা। রায়গড়ে ভারী বৃষ্টির জেরে এইচপিসিএল পাতালগঙ্গা এলপিজি বোটলিং প্যান্ট থেকে ৩০০০ এলপিজি সিলিন্ডার (ভর্তি ও ফাঁকা) ভেসে গিয়েছে পাতালগঙ্গা নদীতে।' 

">

 

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই মুষলধারে বৃষ্টির কবলে রায়গড়। ভারী বৃষ্টির জেরেই এইচপিসিএল প্ল্যান্টের একটি দেওয়াল ধসে পড়ে। জল ঢুকে পড়ে প্ল্যান্টের ভিতরে। নিমেষের মধ্যে ভেসে যায় হাজার হাজার এলপিজি সিলিন্ডার। তার মধ্যে কিছু ফাঁকা ও ভর্তি গ্যাস সিলিন্ডার ছিল। 

 

ভিডিওতে দেখা গিয়েছে, স্থানীয়রাও এই দৃশ্য দেখে ছুটে আসেন। অনেকেই মুহূর্তটি ক্যামেরাবন্দিও করেন। বন্যার জেরে এহেন ক্ষয়ক্ষতিতে মাথায় হাত অনেকের। রায়গড়ের ডিস্ট্রিক্ট কালেক্টর ইতিমধ্যেই একটি নোটিশ জারি করেছেন গ্রামবাসীদের জন্য। তাঁর নির্দেশ, বন্যায় ভেসে যাওয়া এলপিজি সিলিন্ডার কেউ চুরি করার চেষ্টাও করবেন না। কেউ সেই সিলিন্ডার দেখলে, ছুঁয়েও দেখবেন। নয়তো বড়সড় বিপদ ঘটতে পারে। বন্যায় ভেসে যাওয়া এলপিজি চোখে পড়লেই সরকারি দপ্তরে খবর দিতে হবে। তারাই সেগুলো উদ্ধার করবে। 

 

বন্যায় ভেসে যাওয়া এই এলপিজি এইচপিসিএল প্ল্যাটে, এইচপিসিএল ডিলার, এসডিও অফিসেও জমা দিতে পারেন। জেলা আধিকারিকরা জানিয়েছেন, এই ভেসে যাওয়া এলপিজি সিলিন্ডার ভর্তি কিনা, তা জানা যায়নি। এগুলো স্পর্শ করাও বিপজ্জনক। তাই দুর্ঘটনা এড়াতেই গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে।