পুজোর সাজে বনেদিয়ানা, আজকাল ডট ইন-এর ফ্যাশন ফ্লোরে সৃজিত, সঙ্গে দুই নবাগতা, রইল ছবি
- 1
- 14
পুজোর সাজ মানেই কি ঝলমলে পোশাক আর আধুনিকতার ছোঁয়া? বাঙালির দুর্গোৎসবে সাবেকি সাজের আবেদন যে চিরন্তন, তা আরও একবার মনে করিয়ে দিলেন সৃজিত মুখার্জি, দিব্যাণী মন্ডল এবং অন্তরা ভট্টাচার্য। পঞ্চমীতে মুক্তি পাচ্ছে এম্পারর ভার্সেস শরৎচন্দ্র৷ পরিচালক সৃজিত মুখার্জি৷ ছবির পটভূমি উনিশ কুড়ি শতকের বাংলা৷
- 2
- 14
এম্পারর ভার্সেস শরৎচন্দ্র মুক্তির আগে আজকাল ডট ইন-এর ফ্যাশন ফ্লোরে হাজির পরিচালক সৃজিত সঙ্গে দুই নবাগতা৷ হোয়াইট ঢাকাই বা জামদানি ঘরানার শাড়ি, লাল রঙের জমকালো ব্লাউজ, সোনার গয়না আর পরিপাটি বেণি—সব মিলিয়ে সাজে ফুটে উঠেছে একেবারে বনেদি বাঙালি বাড়ির আভিজাত্য৷
- 3
- 14
সৃজিত মুখার্জি পরেছেন মার্স্টাড ইয়েলো রঙের কারুকাজ করা র সিল্কের পাঞ্জাবি৷ সঙ্গে অফ হোয়াইট ধুতি৷ র সিল্কের কাপড়ে সুতোর বয়ন স্পষ্ট৷ মার্স্টার্ড ইয়েলো রঙে রয়েছে সৌম্য উজ্জ্বলতা।পাঞ্জাবিতে সুতো আর সিকোয়েনের কাজ আর রাস্ট আর ঘন নীল রঙের সুতোয় এসেছে রাজকীয় ভাব সঙ্গে শৈল্পিক ছোয়া৷ পাঞ্জাবির হাতায় এবং গলায় চওড়া কাজ কিন্তু কোথাও কোনও ঝলমলে ভাব নেই৷ শিল্পদক্ষতায় সম্পূর্ণ পোশাকে রয়েছে হস্তশিল্প আর রঙের খেলা৷
- 4
- 14
চাপদাড়ি আর ব্যাকব্রাশ করে আঁচড়ানো চুল৷ গলায় সোনালি লম্বা মফ চেন এবং সৃজিতের স্বভাবসিদ্ধ রাজকীয় মেজাজের সঙ্গে এই লুক মনে করায় বনেদি বাড়ির গৃহকর্তা বা জমিদারদের৷ এবার পুজোয় পুরুষদের ট্রেন্ডে থাকতেই পারে এমন এক পাঞ্জাবি৷
- 5
- 14
অতিরিক্ত গয়নার বাহুল্য নয়, বরং রাজকীয় মেজাজের সঙ্গে মানানসই একটিমাত্র অলঙ্কার লম্বা গলার হার৷ পায়ে চামড়ার চটি। আর ব্যাকগ্রাউন্ডে পুরনো জমিদার বাড়ির আদলে টেক্সচার্রড দেওয়াল আর সিঁড়ির ধাপে বসে থাকা, কখনও চোখের ভাষায় আত্মবিশ্বাস, কখনও নিজের সঙ্গে নিজের মুখোমুখি আবার কখনও দুই সখীসঙ্গে আড্ডা হাসি সবমিলিয়ে বাঙালির আড্ডার মেজাজ স্পষ্ট ছবিগুলিতে৷
- 6
- 14
দিব্যাণী মন্ডল পরেছেন অফ হোয়াইট রঙের আসাম সিল্ক৷ পুজোর ফ্যাশনে সাবেকিয়ানার আবেদন বরাবরই আলাদা। আধুনিকতার চাকচিক্যকে পাশে সরিয়ে রেখে শাড়ি, কালো ব্লাউজ আর মানানসই গয়নায় বাঙালি সাজের যে নিজস্ব আভিজাত্য ফুটে ওঠে, এই লুক যেন তারই এক সুন্দর উদাহরণ। হালকা হলুদ বা বেইজ রঙের শাড়িতে ছড়িয়ে রয়েছে ছোট ছোট লাল ও কালো নকশা। শাড়ির চওড়া পাড়ে লাল, কালো ও কমলা রঙের জ্যামিতিক নকশা এনে দিয়েছে বিশেষ আকর্ষণ। সাবেকি ঘরানার এই রঙের মেলবন্ধন শাড়িটিকে করেছে স্বতন্ত্র। তার সঙ্গে কালো রঙের ফুলহাতা ব্লাউজ—সাদামাটা অথচ ব্যক্তিত্বপূর্ণ। শাড়ির উজ্জ্বল পাড় আর ব্লাউজের গাঢ় রঙের বৈপরীত্য সাজে তৈরি করেছে ভারসাম্য।
- 7
- 14
শাড়িতে লাল কালো সুতোর কাজ, আঁচল আর পাড়ে ঘন লাল কালো সুতোর নকশা শাড়ির আভিজাত্য প্রকাশ করছে৷ কালো ফুলহাতা ব্লাউজেও হলুদ লাল সবুজ ফুল পাতার কারুকাজ৷ দিব্যাণীর পোশাকে একাধিক রঙের ছড়াছড়ি কিন্তু এত রং থাকার পরেও কোনও রঙ বেমানান নয়৷ সাজে বিশেষ ভাবে লক্ষ্যণীয় গয়নার ব্যবহার৷ দুই হাতে রূপোর ফিলিগ্রি করা সূক্ষ কারুকাজের মোটা বালা হাতে এবং কানে বড় গিনির আঙটি আর দুল৷ গলায় লম্বা গিনির হার কিন্তু সেখানেও মেরুন সুতোর ব্যবহার আর রূপোর কালচে রূপালি রঙে শাড়িকে কম্পলিমেন্ট করেছে গয়না৷
- 8
- 14
চোখে হালকা কাজল, কপালে ছোট্ট টিপ আর ন্যুড পিঙ্ক ম্যাট লিপস্টিক আর মাঝে সিঁথি করে আলগা খোপায় পুরনো দিনের বাঙালি বাড়ির মেয়েদের সাজের যথার্থ রূপায়ণ৷ পোশাক থেকে সাজের খুঁটিনাটি, এমনকী মুখের অভিব্যক্তি—সবেতেই রয়েছে এক ধরনের স্নিগ্ধতা, যা মনে করিয়ে দেয় পুরনো কলকাতার বনেদি বাড়ির পুজোর কথা। কখনও পাশ ফিরে তাকানো, কখনও ঠোঁটে মৃদু হাসি—প্রতিটি অভিব্যক্তিতেই ধরা পড়েছে সহজ অথচ আত্মবিশ্বাসী উপস্থিতি। এই লুকের অন্যতম আকর্ষণ ছবির কাঠের সিঁড়ি ও দেওয়ালে সাজানো সাদা-কালো ফ্রেমের ছবি। পুরনো দিনের স্মৃতি জড়ানো এই ব্যাকগ্রাউন্ড পোশাকের সাবেকি মেজাজকে আরও গভীর করেছে। পুজোর আড্ডা, অষ্টমীর অঞ্জলি কিংবা সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন সাজ হতে পারে অনন্য পছন্দ। বাঙালিয়ানা যে শুধু পোশাকে নয়, ব্যক্তিত্ব ও অভিব্যক্তিতেও ধরা দেয়, এই লুক যেন সেই কথাই বলে।
- 9
- 14
অন্তরা ভট্টাচার্য পরেছেন আটপৌড়ে শাড়ি। অফ হোয়াইট জমিতে লাল ও সবুজ ফুলের নকশা নজর কাড়ে। লাল পাড়ের সঙ্গে সূক্ষ্ম কারুকাজ শাড়িটিকে দিয়েছে আভিজাত্যের ছোঁয়া। অন্যদিকে, লাল রঙের ফুলহাতা ব্লাউজে রয়েছে সাবেকি সৌন্দর্য। বাঙালি নারীর পুজোর সাজে লাল-সাদার এই চিরপরিচিত যুগলবন্দি কখনও পুরনো হয় না। বরং সময়ের সঙ্গে সঙ্গে তার আবেদন আরও বেড়েছে।
- 10
- 14
এই সাজের অন্যতম আকর্ষণ সোনার গয়না। গলায় একাধিক হার, কানে ঝুমকো, হাতে চুড়ি ও বালা—সব মিলিয়ে সাজে এসেছে বনেদিয়ানার পূর্ণতা। ভারী সোনার গয়না মানেই যে সাজ অতিরিক্ত জমকালো হতে হবে, তা নয়। সঠিক পোশাকের সঙ্গে মানানসই গয়না বেছে নিলেই ফুটে ওঠে আভিজাত্য। কপালে ছোট্ট লাল টিপ আর লম্বা বেণি সাজটিকে করেছে আরও স্নিগ্ধ ও ঐতিহ্যবাহী।
- 11
- 14
পুজোর ষষ্ঠী থেকে দশমী, বিশেষ করে অষ্টমীর অঞ্জলি কিংবা সন্ধিপুজোর সাজে এমন লুক অনায়াসে নজর কাড়তে পারে। যাঁরা আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে দিতে চান না বাঙালির নিজস্ব ফ্যাশন, তাঁদের জন্য এই সাজ একেবারে আদর্শ। কারণ, পুজোর ফ্যাশনে ট্রেন্ড বদলালেও বাঙালিয়ানা আর বনেদিয়ানার মেলবন্ধন চিরকালই অমলিন।
- 12
- 14
দুই নবাগতার অফ হোয়াইট বেইজ রঙের পোশাকের সঙ্গে লাল কালোর কম্বিনেশন আর সেইসঙ্গে সৃজিতের মাস্টার্ড ইয়েলো পাঞ্জাবির নির্বাচন এককথায় অনবদ্য৷ রঙের নির্বাচন, পোশাকের কাপড় থেকে কারুকাজ সবদিক থেকেই বনেদি বাঙালির আভিজাত্য, আরাম, শৈল্পিক রুচি এবং সেই সময়ের প্রতিফলন
- 13
- 14
ফ্যাশন কেবল ট্রেন্ডের অন্ধ অনুকরণ নয়, ফ্যাশন একটি সময়, একজনের ব্যক্তিত্ব এবং রুচির মিশেল। এই পোশাক এবং স্টাইলিংয়ে সেই সমস্ত উপাদানই ভরপুর৷ ফ্যাশন ফোটোশুট নয়, আড্ডায় গল্পে দিব্যাণী অন্তরা সৃজিতের সঙ্গে নতুন করে আবিষ্কার করলেন বাঙালিয়ানার হারিয়ে যাওয়া আমেজ
- 14
- 14




















