পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে হরমুজ প্রণালী আটকে দিয়েছে ইরান। এর ফলে বিশ্বজুড়ে তেল এবং গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। গুরুত্বপূর্ণ এই প্রণালী পুনরায় খোলার উপায় খোঁজার জন্য ৩৫টি দেশের এক বৈঠকে যোগ দিতে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে ব্রিটেন। বৃহস্পতিবার এই খবর জানিয়েছে বিদেশ মন্ত্রক।
2
7
মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বৃহস্পতিবারের এই বৈঠকে বিদেশসচিব বিক্রম মিস্রি ভার্চুয়ালি যোগ দেবেন। রণধীর বলেন, “ব্রিটেনের পক্ষ থেকে হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্য ভারত-সহ বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের পক্ষ থেকে বিদেশসচিব আজ সন্ধ্যায় এই বৈঠকে যোগ দেবেন।”
3
7
তিনি আরও বলেন, “আমাদের এলপিজি, এলএনজি ও অন্যান্য পণ্যের জাহাজগুলি আটকে রয়েছে। সেগুলির নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার সর্বোত্তম উপায় খুঁজে বের করতে আমরা ইরান ও সেখানকার অন্যান্য দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছি। গত কয়েকদিন ধরে আমাদের এই আলোচনার মাধ্যমে ছ’টি ভারতীয় জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে এবং আমরা সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।”
4
7
হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের মোট জ্বালানি সরবরাহের ২০ শতাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। ভারতের জন্য এর গুরুত্ব আরও বেশি। কারণ দেশটি যে পরিমাণ তেল, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে, তার প্রায় ৪০ শতাংশ, এবং তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর ৮০ শতাংশেরও বেশি এই পথেই আসে।
5
7
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণালীটি পুনরায় চালু করাকে তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার বলেছেন। যদিও বুধবার তিনি তাঁর অবস্থান থেকে সরে এসেছেন। ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে তিনি ব্রিটেন-সহ তার মিত্রদের ‘নিজেদের তেল নিজেদের জোগাড় করতে’ বলেছেন এবং জানিয়েছেন আমেরিকা তাদের আর কোনও সাহায্য করবে না।
6
7
যুদ্ধের শুরু থেকেই ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ট্রাম্পের কটাক্ষের শিকার হচ্ছেন। বুধবারই তিনি জানান, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাশাহি-সহ ৩৫টি দেশ সামুদ্রিক নিরাপত্তা পুনরুদ্ধারে সহযোগিতা করতে সম্মত হয়েছে।
7
7
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবারের বৈঠকের সভাপতিত্ব করবেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুপার। বৈঠকের পরে বিস্তারিত বিষয়গুলি চূড়ান্ত করতে আধিকারিকদের মধ্যে ‘কার্যকরী পর্যায়ের বৈঠক’ অনুষ্ঠিত হবে।