মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা অস্থিরতার প্রভাব এবার পড়ল বড় বাজেটের ভারতীয় ছবির মুক্তিতেও! কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স জানাল, যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি 'টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস'-এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে।
আগে ঠিক ছিল, ২০২৬ সালের ১৯ মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি। কিন্তু তা আর হচ্ছে না। এই ছবি এখন মুক্তি পাবে আগামী ৪ জুন । টক্সিক-এর প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা যুদ্ধের অস্থিরতার ফলে উপসাগরীয় অঞ্চলে সিনেমা হলগুলির উপর এর প্রভাব পড়ার আশঙ্কাতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ ওই অঞ্চল টক্সিক-এর ডাবিং ভার্সনের জন্য আন্তর্জাতিক মুক্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার।
ছবিটির অন্যতম বড় পরিবেশকফার্স ফিল্মস-এর পরামর্শেই মুক্তির দিন পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রযোজকরা বিবৃতিতে জানিয়েছেন, দ্রুত পরিবর্তিত পরিস্থিতির উপর তাঁরা ঘনিষ্ঠ নজর রাখছিলেন এবং ছবির অংশীদার ও দর্শকদের স্বার্থেই এই “কঠিন কিন্তু বিবেচিত” সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৮ মার্চ বেঙ্গালুরুতে ট্রেলার লঞ্চের বিশাল আয়োজনের প্রস্তুতি চলছিল। ২ মার্চ প্রথম গান ‘তবাহি’ প্রকাশের কথাও ছিল। প্রচারের শেষ পর্যায়ের পরিকল্পনাও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু অনিশ্চয়তার আবহে সেই সূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।
সরকারি বিবৃতিতে প্রযোজনা সংস্থা জানায়, “এই ছবিটি আমরা আন্তর্জাতিক দর্শকের কথা মাথায় রেখেই নির্মাণ করেছি। কন্নড় এবং ইংরেজিতে একযোগে শুট করা হয়েছে, যাতে দেশ-বিদেশের দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। বছরের পর বছর পরিশ্রমের পর আমরা ১৯ মার্চ ছবিটি মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদের লক্ষ্যপূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে।”
