নিট প্রশ্ন ফাঁস নিয়ে সমাজমাধ্যমে সরকারের কড়া সমালোচনা করেন বিশাল দদলানি৷ সূত্রের খবর, সরকারের সমালোচনা করার জেরে বিশাল দদলানিকে ইন্ডিয়ান আইডলের বিচারকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ ২০২৬ সালে নিট ইউজি পরীক্ষা বাতিল হয়েছে৷ প্রশ্নফাঁসের জন্য দায় স্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ 

বিতর্কের সূত্রপাত বিশাল দদলানির পোস্ট করা একটি ভিডিও থেকে৷ 'অশিক্ষিতদের ক্ষমতায় বসাবেন না', নিট প্রশ্নফাঁসে ভিডিওবার্তায় জানান বিশাল দদলানি৷ তিনি আক্ষেপ করে বলেন কী হচ্ছে এই দেশের! আমি এই ভিডিও বানাচ্ছি সেই সব ছাত্রছাত্রীদের সমর্থনে যাঁরা নিট পরীক্ষার প্রশ্নফাঁসের কারণে সমস্যায় পড়েছেন৷ পরিশ্রম নষ্ট, সময় নষ্ট, যাঁদের হয়তো বছর নষ্ট হয়ে যাবে৷  প্রত্যেকবার নিট পরীক্ষা হয় ঠিকই কিন্তু এই ভুল সমর্থন করা যায় না৷ সরকারি সংস্থা দ্বারা আয়োজিত এই পরীক্ষায় এমন বড় কেলেঙ্কারির জন্য সরকার কোনও দায় নিচ্ছে না, এটা আরও বড় ভুল৷ মন্ত্রীরা দায়িত্ব নিয়ে বসে আছেন অথচ বলছেন এ আর এমন কি বড় বিষয়! পদত্যাগ করব না।" এই ঘটনাকে সরাসরি 'লজ্জাজনক, অপমানজনক' বলেন বিশাল দদলানি৷ 

বিশাল বলেন, দুর্ভাগ্যবশত এখন শিক্ষার দাম নেই, ক্ষমতায় থাকা মানুষগুলো অশিক্ষিত৷ এই কথা বলার পরেই বিশাল স্পষ্ট ভাষায় জানান, এই কারণেই ভারতের অবস্থা শোচনীয়৷ আমার কথা ভাল লাগুক বা খারাপ লাগুক, মানুন বা বিরোধিতা করুন সত্যি এটাই৷" 

বিশাল ভিডিওতে আবেদন জানান, ভাল মানুষ শিক্ষিত মানুষদের ভোট দিন৷ জাতি ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে যদি আপনার ভবিষ্যতকে সুরক্ষিত করতে হয়, দেশের ভবিষ্যত সুরক্ষিত করতে হয় তাহলে আমাদের ভাল মানুষদের নির্বাচিত করতে হবে৷ মূর্খ অশিক্ষিতদের ক্ষমতায় আনবেন না, তাঁরা আপনার জাতির হোক বা আপনার পরিবারের৷"