সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
৩০ কোটি টাকার জালিয়াতি কেসে জেল খেটে অদ্ভুত দাবি বিক্রমের! বললেন, 'কৃষ্ণ যেখানে জন্মেছে, আমি সেখানে...'
৩০ কোটি টাকার জালিয়াতির কেসে ২ মাস জেল খাটলেন চিত্রনির্মাতা বিক্রম ভাট। শুক্রবার, ২০ ফেব্রুয়ারি জামিন পান। সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করার পর জেল থেকে বেরিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। আর সেখানেই এক অদ্ভুত দাবি করে বসলেন। একই সঙ্গে জানালেন তাঁর ভারতীয় আইনের উপর সম্পূর্ণ আস্থা ছিল। জেলে কেমন সময় কাটালেন সেই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'এটা পঞ্চম ধাম। আমি ভগবান কৃষ্ণের ভক্ত। উনি যেখানে জন্মেছেন, আমি সেখানে থেকে এলাম। এখান থেকে বেরিয়ে আমি আগের থেকে দ্বিগুণ ভাল আছি। ভগবান কৃষ্ণের মতো আমায় নতুন লড়াই লড়তে হবে। এর বেশি আমি কিছু বলতে চাই না। দেশের আইন ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে।'
'ধুরন্ধর ২' এবং 'টক্সিক', কোনও ছবিই বিশেষ ভাল ব্যবসা করতে পারবে না! কেন এমন বললেন সঞ্জয় গুপ্ত?
মার্চ মাসেই মুক্তি পাচ্ছে 'টক্সিক' এবং 'ধুরন্ধর ২'। দু'টো ছবি নিয়েই দর্শকদের মধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে। আর দু'টো ছবিই বক্স অফিসে আসছে একই দিনে। ফলে দুইয়ের মধ্যে যে জোর টক্কর হবে সেটা বলাই যায়। এবার এই বিষয়ে নিজের মতামত জানালেন চিত্রনির্মাতা সঞ্জয় গুপ্ত। তাঁর মতে, মানুষ এক মাসে দু'টো ছবি দেখবেন না। ফলে দু'টো ছবিই একে অন্যের ব্যবসা কাটবে। যতটা লক্ষ্মীলাভ হওয়ার সম্ভাবনা ছিল, সেটা যে এবার কমবে সেই বিষয়ে তিনি নিশ্চিত। যদিও সঞ্জয় গুপ্ত জানিয়েছেন 'ধুরন্ধর' ছবিটি অসাধারণ লেগেছে তাঁর। দ্বিতীয় ভাগের জন্য তিনি মুখিয়ে আছেন।
শাহরুখ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? ফাঁস করলেন আরশাদ ওয়ার্সি
'কিং' ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করলেন আরশাদ ওয়ার্সি। অভিজ্ঞতা কেমন, সেটাই এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন অভিনেতা। তাঁর কথায় বলিউডের বেতাজ বাদশা একজন 'দুর্দান্ত' মানুষ। তিনি এদিন আরও বলেন, 'অত্যন্ত ভাল একজন হোস্ট এবং তার থেকেও ভাল মানুষ। আমি সবসময় বলি আমাদের পেশাকে মানুষ যে এত সম্মান করেন সেটা ওঁর জন্যই। গোটা পৃথিবীর কাছে আমাদের তুলে ধরেছেন। ওঁর মতো, অমিতাভ বচ্চন, দিলীপ কুমারের মতো মানুষরাই আমাদের পেশাকে আলাদা পরিচয়, খ্যাতি দিয়েছেন। এঁদের ব্যবহার অত্যন্ত ভাল, ভীষণ গুণী মানুষ।'
