বর্ষীয়ান অভিনেতা, অঞ্জন শ্রীবাস্তবের মেয়ে রঞ্জনা অঞ্জন শীঘ্রই বড়পর্দায় পা রাখতে চলেছেন। তাঁর বলিউড অভিষেকের আগে ২০০২ সালে ঘটে যাওয়া একটি হাড়হিম করা ঘটনার স্মৃতি হাতড়ালেন। 

কী ঘটেছিল? ২০০২ সালে নাটকের মঞ্চেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন অঞ্জন শ্রীবাস্তব। বাবার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনা প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে রঞ্জনা বলেন, '২০০২ সালে আমার বাবা একটি গুরুতর দুর্ঘটনার কবলে পড়েন। নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। কিন্তু তারপরও তিনি দমে যাননি। পারফর্ম করে গিয়েছেন।' রঞ্জনা এদিন এই বিষয়ে আরও জানান, তাঁর বাবার এই দুর্ঘটনার পর তাঁদের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। অভিনেত্রীর কথায়, 'সেই সময়টা আমাদের দারুণ খারাপ কেটেছিল। আর্থিক অবস্থা টালমাটাল হয়ে গিয়েছিল। কারণ শারীরিক ভাবে অক্ষম হয়ে পড়লে, কাজও হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। ফলে উপার্জন বন্ধ হয়ে যায়। আমর বিনিদ্র রাত কাটাতাম যে কীভাবে সবটা ম্যানেজ করব। কী করে কোনটা করব। বাবা সবসময় বলতেন, ব্যাঙ্ক ব্যালেন্স কোল্যাপ্স করতে দেবে না। তাই একটা স্কিল নয়, একাধিক স্কিলের উপর নির্ভরশীল হও।' 

প্রসঙ্গত অঞ্জন শ্রীবাস্তবের মেয়ে রঞ্জনা নাট্যকর্মী। জনপ্রিয় অভিনেত্রী। ১৫ বছর ধরে তিনি দাপিয়ে কাজ করেছেন নাটকের মঞ্চে। এবার তিনি বড়পর্দায় পা রাখতে চলেছেন। তাঁর প্রথম ছবি 'চাঁদ তাঁরা'। কান চলচ্চিত্র উৎসবে এই ছবির ট্রেলার প্রদর্শিত হয়েছে, এবং দর্শকদের থেকে দারুণ সমাদর পেয়েছে। মহম্মদ আলি বাগ ছবিটির পরিচালনা করেছেন। মুখ্য ভূমিকায় রঞ্জনা ছাড়াও থাকবেন অনুপম খের, মোহন আগাশি, প্রমুখ। অভিনয় করবেন খোদ পরিচালকও। তাঁকে সুলতানের ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে রঞ্জনা ধরা দেবেন গায়িকা তারামতির চরিত্রে। এই ছবির গল্প আবর্তিত হবে গায়িকা তারামতি এবং সুলতান আব্দুল্লাহ কুতুব শাহকে ঘিরে।