আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

'নো এন্ট্রি'র সিক্যুয়েলে থাকছেন না বরুণ! 

২০০৫ সালে মুক্তি পেয়েছিল 'নো এন্ট্রি'। সেই ছবিতে ছিলেন সলমন খান, অনিল কাপুর, ফারদিন খানের মতো তারকারা। এবার প্রায় দুই দশকের বেশি সময়ের পর আসছে 'নো এন্ট্রি'র সিক্যুয়েল। ছবিতে অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান দিলজিৎ দোসাঁঝের থাকার কথা ছিল। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, দিলজিৎ সরে দাঁড়িয়েছেন ছবিটি থেকে। তাঁর জায়গায় এন্ট্রি নিয়েছেন শাহিদ কাপুর। এবার জানা গেল বরুণ ধাওয়ানও থাকছেন না ছবিতে। বর্তমানে তিনি তাঁর নতুন ছবি 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' -এর প্রচার করছেন। আর সূত্রের খবর একের পর এক তারকা বদল হওয়ার কারণে আপাতত 'নো এন্ট্রি ২' স্থগিত হয়ে গিয়েছে। পুনরায় আবার কবে এই ছবির কাজ শুরু হয়, বরুণ ধাওয়ানের জায়গায় কে আসেন সেটাই দেখার। 

মেয়ের নাম রাখলেন মুনাওয়ার-মেহজাবিন! 

গত সপ্তাহে মুনাওয়ার ফারুকি এবং মেহজাবিন কোটওয়ালার সংসারে এসেছে নতুন সদস্য। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মেহজাবিন। সপ্তাহ ঘুরতেই মেয়ের নামকরণ করলেন তাঁরা। কী নাম রাখলেন একরত্তির? বারিরাহ মুনাওয়ার ফারুকি। কিন্তু কী অর্থ এই নামের? সমাজমাধ্যমে মেয়ের নাম ঘোষণার পাশাপাশি তার অর্থও জানিয়েছেন এই তারকা যুগল। তাঁরা তাঁদের যুগ্ম পোস্টে লেখেন, '১ মে আমাদের মেয়ে হয়েছে, যার নাম রেখেছি বারিরাহ মুনাওয়ার ফারুকি। অর্থ, বিশুদ্ধতা, ন্যায়পরায়ণতার প্রতীক।' সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তাঁরা। সেখানে দেখা যাচ্ছে মুনাওয়ার এবং মেহজাবিন বারিরাহকে কোলে নিয়ে পোজ দিয়েছেন। 

মুকুল দেবের শেষকৃত্যের সমস্যার জন্য দায়ী পাপারাজ্জিরা! বিস্ফোরক দাবি রাহুল দেবের

গত বছর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাহুল দেবের দাদা মুকুল দেব। সেই সময় তাঁর শেষকৃত্যে বেশ সমস্যা হয়েছিল। আর এই গোটা ঘটনার দায় তিনি চাপালেন পাপারাজ্জিদের উপর। রাহুল একা নন, অতীতে একাধিক তারকারাই এমন সংবেদনশীল সময়ে পাপারাজ্জিদের ব্যবহার ও আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। এদিন দাদার শেষকৃত্যের স্মৃতি হাতড়ে এক সাক্ষাৎকারে রাহুল বলেন, 'মিডিয়ার একটু সংবেদনশীল হওয়া প্রয়োজন। এমন না যে, মিডিয়ায় আমার ভাল বন্ধু নেই। কিন্তু মুকুলের শেষকৃত্যে আমি কাউকে ডাকিনি। তাও ওরা চলে এসেছিল। ওদের জন্য ক্যাওস তৈরি হয়। ওদের বোঝা উচিত ছিল আমি আমার ভাইকে হারিয়েছি। আমাদের বাবা মা নেই, আমাকেই সবটা একা করতে হতো। আর ওরা ওখানে এসে ছবি তুলছে।'