বাড়ি থেকে দুপুরবেলা ব্যাঙ্কের কাজে যাবার জন্য বেরিয়েছিলেন চিত্রনাট্যকার-পরিচালক উৎসব মুখার্জি। তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। 'বরুণবাবুর বন্ধু', 'ভবিষ্যতের ভূত' এই সব সিনেমার গল্প লিখেছিলেন উৎসব। এছাড়াও স্বাধীনভাবেও কিছু কাজ করেছেন।
পরিচালকের স্ত্রী সমাজমাধ্যমে জানিয়েছেন, দুপুর ২ টো ২২ মিনিটে উৎসবের সঙ্গে তাঁর শেষ কথা হয়৷ তখন তিনি ব্যাঙ্কের ভিতরেই আছেন বলে জানিয়েছিলেন৷ কিন্তু তার কিছুক্ষণ পর থেকেই পরিচালকের ফোন বন্ধ হয়ে যায়৷ তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি৷
নিজের মোবাইল ফোনটি বাড়িতেই রেখে গিয়েছেন উৎসব৷ প্রয়াত বাবার ফোনটি নিয়ে গিয়েছিলেন কিন্তু সেই ফোনও এখন বন্ধ। পরিবারের তরফে আবেদন জানানো হয়েছে, পরিচালকের খোঁজ পেলে যেন তাঁদের দ্রুত খবর দেওয়া হয়৷ পরিবারের তরফে ইতিমধ্যেই থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে৷
প্রশ্ন উঠছে, তিনি আদৌ ব্যাঙ্কে যেতে পেরেছিলেন কি না? গিয়ে থাকলেও ব্যাঙ্ক থেকে বেরোনোর পরে কী ঘটেছে? নিজের মোবাইল ফোনটাই বা কেন বাড়িতে রেখে গিয়েছেন?














